ঢাকা বারে এককভাবে লড়বে আইনজীবী অধিকার পরিষদ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ঢাকা বার ইউনিট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
মতবিনিময় সভায় ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান সঞ্চালনা করেন। এতে গণঅধিকার পরিষদের আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ ও অ্যাডভোকেট ফারিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দীর্ঘদিন নির্বাচনবিহীন যে সংস্কৃতি চালু হয়েছে সেটার নিরসনে আইনজীবী অধিকার পরিষদের নেতৃত্বে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ প্রয়োগ ও আলাদা আইনজীবী ঐক্য প্যানেল দেওয়ার বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্বাচনে এককভাবে প্যানেল দিয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সদস্য সচিব হাবিবুর রহমান বলেন, আমরা আইনজীবী অধিকার পরিষদ বিগত কয়েক মাস আগেই দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে স্মারকলিপি দিয়েছিলাম। এখনও দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সাধারণ আইনজীবীদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। আমরা বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় করার জন্য একটি কার্যকর আইনজীবী নেতৃত্ব উপহার দিতে আমাদের আইনজীবী ঐক্য প্যানেল নিয়ে কাজ করে যাব।
প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইচ্ছা পোষণ করে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন বলেন, আইনজীবী অধিকার পরিষদ শুধু আইনজীবীদের অধিকার নিয়েই কাজ করবে এমন নয়; বরং ন্যায়বিচার ও আইনের শাসন এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।
এনআর/এসএসএইচ