মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী ও স্ত্রীর আয়কর নথি জব্দ

দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সৌরভ দাশ অভিযোগ সংশ্লিষ্টদের আয়কর নথি জব্দের এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার ও তার স্ত্রীর সম্পদের প্রকৃত উৎস ও পরিমাণ যাচাই করতে আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন।
এনআর/জেডএস