ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর সাবেক ডিএমডি মাহমুদ হাসান এবং প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিন কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাঈল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
মাহমুদ হাসানের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন ও দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগের মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
জান্নাতুন নেসা জাকিয়ার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন ও দুদকে সম্পদ বিবরনী দাখিল না করার অভিযোগের ভিত্তিতে মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
এনআর/জেডএস