রাজনীতিতে বাড়ছে পেশিশক্তি ও পুরুষতান্ত্রিকতা, ঝুঁকিতে প্রান্তিক ভোটাররা

নির্বাচনী পরিস্থিতিতে দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ এবং বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিরা চরম ঝুঁকির মুখে রয়েছেন বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইনশৃঙ্খলা মনিটরিং সেলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, বর্তমানে রাজনীতিতে অর্থ, পেশিশক্তি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং সংখ্যাগরিষ্ঠতার প্রভাব প্রবল হয়ে উঠেছে। এই অবস্থায় প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের ভোটাধিকার সঠিকভাবে চর্চা করতে পারবেন কি না, তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, টিআইবির পক্ষ থেকে এই উদ্বেগের কথা ইসির আইনশৃঙ্খলা মনিটরিং সেলকে জানানো হয়েছে। সেলের প্রধান ও কমিশনার সানাউল্লাহ তাদের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
নির্বাচন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ইফতেখারুজ্জামান। এই সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এটি অনেকটা মাথাব্যথায় মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত। আমরা এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি। স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে প্রযুক্তির ব্যবহার বন্ধ না করে বরং এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
এসআর/এমএন