‘ভোটের পরিবেশ সুন্দর, আপনারা ভোট দিতে আসুন’

সাধারণ ভোটারদের মতো দীর্ঘ সময় পর ভোট প্রদান করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদও। ভোটের পরিবেশ সুন্দর জানিয়ে তিনি ভোটারদের কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুরান ঢাকার আগাসাদেক রোডের আইইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটপ্রদান শেষে এসব কথা বলেন তিনি। হামিদুর রহমান হামিদ বলেন, ‘১৭ বছর পর ভোট দিতে পেরে আমি আনন্দিত। স্বাধীন চিত্তে ভোট দিতে পেরেছি। ভাষায় প্রকাশ করতে পারব না, এতো সুন্দর পরিবেশে ভোট দিয়ে গেলাম।’
‘সবাইকে বলব আপনারা ভোট দিতে আসেন। ভোটের পরিবেশ সুন্দর। আমি জয়ের ব্যাপারে আশাবাদী, ইনশাআল্লাহ সবার ভোট পেয়ে জয়যুক্ত হব’, আরও যোগ করেন ঢাকা-৭ আসনে বিএনপির এই প্রার্থী।
ওই আসনে হামিদুর রহমানের প্রতিন্দ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনায়েত উল্লা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ রিপাবলিকান পার্টির শফিকুর রহমান (হাতি), ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ), বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. শহিদুল ইসলাম (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাকসুদুর রহমান (ছড়ি), জাতীয় সমাজতান্ত্রিক দলের শাহানা সেলিম (তারা) ও বাসদ মার্ক্সবাদীর সীমা দত্ত (কাঁচি)।
লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি (আংশিক) থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৭৭ জন। সেখানে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৮১ ও নারী ২ লাখ ৩০ হাজার ৮৮৩ জন।
এমএল/এনআর/এএইচএস