শিক্ষামন্ত্রীর পিএস হলেন মাউশির পরিচালক ড. সোহেল

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এ পদে পদায়ন করে আজ (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. সোহেল এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়কালে ড. মিলন শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তার একান্ত সহকারী সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং শিক্ষা ক্যাডারে সক্রিয় ভূমিকার কারণে তাকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর (বেতন ও বিশেষাধিকার) আইন, ১৯৭৩’-এর সেকশন ১৪(১) অনুযায়ী শিক্ষামন্ত্রী যত দিন তার পদে বহাল থাকবেন অথবা যত দিন তিনি ড. সোহেলকে একান্ত সচিব হিসেবে দায়িত্বে রাখতে ইচ্ছা প্রকাশ করবেন, তত দিন তিনি পিএস হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধি অনুযায়ী তিনি প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এরআগে ড. সোহেল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
আরএইচটি/এনএফ