রেলপথে বাড়ছে মৃত্যুঝুঁকি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ব্যবসায়ী গভর্নর এই প্রথম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো।
কালের কণ্ঠ
রেলপথে বাড়ছে মৃত্যুঝুঁকি
কক্সবাজার-দোহাজারি রেলপথ চালুর পর থেকে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। ২০২৩ সালের ১১ নভেম্বর থেকে গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে কমপক্ষে ৩৫ জন মানুষ। মারা গেছে একটি হাতিও। পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণে উঠে এসেছে এ রেলপথে দুর্ঘটনার এই চিত্র।
আজকের পত্রিকা
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: বেশির ভাগ উঠবে না সংসদে
সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশির ভাগই আইনে রূপান্তর হচ্ছে না। ওই অধ্যাদেশগুলোর মধ্যে কয়েকটি বাদে বাকিগুলো অনুমোদন বা আইনে রূপান্তরের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদেই তুলবে না বিএনপির নেতৃত্বাধীন সরকার। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিবিসি বাংলা
এবার ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী মার্চ মাসের ২০ কিংবা ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রোজার শুরু থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। তবে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা এবার ঈদে কতদিন ছুটি কাটাতে পারবেন তা নিয়ে কৌতুহল রয়েছে।
প্রতি বছর ঈদের ছুটিতে অসংখ্য মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকা ছেড়ে যান। কাছাকাছি সময়ে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ার কারণে পথে পথে তৈরি হয় দীর্ঘ যানজনসহ নানা ভোগান্তি।
সমকাল
তিন মাসেও মেলেনি প্রণোদনা, লোকসানের চক্রে আলুচাষি
আলুর দামে ধস নামার পর গত বছর লোকসান গোনেন অনেক চাষি। অনেকেই পড়েন ঋণের চাপে, কেউ কেউ জমি বন্ধক রেখে চাষের খরচ জোগান। তখন শঙ্কা তৈরি হয়, এবার হয়তো কমে যাবে আলুর আবাদ। সেই পটভূমিতে কৃষি মন্ত্রণালয় গত নভেম্বরে ক্ষতিগ্রস্ত চাষির জন্য প্রণোদনা দেওয়ার ঘোষণা দেয়। সেই সময়ের কৃষি উপদেষ্টাও একাধিকবার গণমাধ্যমে এ প্রণোদনার কথা জানান। তবে এক মৌসুম শেষ হয়ে আরেক মৌসুম শুরু হলেও এখন পর্যন্ত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছেনি। উপজেলা কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে পাঠালেও ভর্তুকি যায়নি। ফলে লোকসানের ক্ষত না শুকাতেই আবার নতুন অনিশ্চয়তার মুখে পড়েছেন আলুচাষিরা।
কালের কণ্ঠ
বড় চ্যালেঞ্জে শিক্ষা খাত
দেশে পাসের হার ও জিপিএ ৫ বাড়লেও শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকেছে। শিক্ষার্থীদের পাঠদক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও বাস্তব প্রয়োগ ক্ষমতায় বড় ধরনের ঘাটতি লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে বাংলাদেশের ডিগ্রির মান অবনমনেরও খবর আসছে।
বিবিসি বাংলা
ছয়টি সিটি কর্পোরেশনে নির্বাচন নিয়ে 'অনিশ্চয়তা' কাটবে কবে?
জাতীয় নির্বাচনের পরই আলোচনায় আসে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বতী সরকারের পক্ষ থেকে তাদের সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয়েছিল।
তবে ঢাকার দুটিসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে বিএনপির ছয়জন নেতাকে নতুন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা।
সমকাল
বাংলাদেশ ব্যাংকে প্রতিবাদ-মব, গভর্নরের বিদায়
এক দল কর্মকর্তার বিক্ষোভের মুখে বিদায় নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গতকাল বুধবার দুপুর ২টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তাঁর নিয়োগ বাতিল করে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রথম কোনো ব্যবসায়ী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হলেন। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে।
বিবিসি বাংলা
ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা।
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম আলো
সরকারপ্রধানের পরিবর্তনে ওয়েবসাইট থেকে হারিয়ে যাচ্ছে তথ্য
বিএনপির নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে গত ১৭ ফেব্রুয়ারি। ওই দিনই বিদায় নেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রিত হচ্ছে পিএমও ডট গভ ডট বিডি (https://pmo.gov.bd/) নামের ওয়েবসাইট থেকে।
দেশ রূপান্তর
ট্রাইব্যুনালে এসব কী হচ্ছে
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু ১৬ মাসের মাথায় অনিয়ম, দুর্নীতি, ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ নিয়ে এখন অস্থিরতা, হতাশা বিরাজ করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একই সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ এবং বিভক্তিও বাড়ছে। রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকেও কেউ কেউ প্রকাশ্যে, কিংবা অপ্রকাশ্যে একে অন্যের প্রতি বিষোদগার করছেন।
আজকের পত্রিকা
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: বেশির ভাগ উঠবে না সংসদে
সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশির ভাগই আইনে রূপান্তর হচ্ছে না। ওই অধ্যাদেশগুলোর মধ্যে কয়েকটি বাদে বাকিগুলো অনুমোদন বা আইনে রূপান্তরের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদেই তুলবে না বিএনপির নেতৃত্বাধীন সরকার। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশ রূপান্তর
হত্যার অভিযোগ সমঝোতা আট লাখ টাকায়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গাড়ি মেকানিককে ‘চোর’ আখ্যা দিয়ে রাতভর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে আল সাবিদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাজমুল হাসান সম্রাট ও হাসপাতালের ব্যবস্থাপক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, ঘটনা ধামাচাপা দিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবের নেতৃত্বে ৮ লাখ টাকায় পুলিশের সঙ্গে রফাদফা হয়েছে। এ ছাড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে বলে অভিযোগ।
যুগান্তর
সবুজ সংকেতের অপেক্ষা
চব্বিশের গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। স্থগিত করা হয় দলটির নিবন্ধনও। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। ভোটের আগে ‘নো বোট নো ভোট’ ক্যাম্পেইন চালালেও নির্বাচন প্রতিহতে তেমন কোনো কর্মসূচি দিতে দেখা যায়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে।
কালের কণ্ঠ
অবৈধ সিগারেটে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা
দেশে অবৈধ সিগারেটের বাণিজ্য দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। কাগজে-কলমে কঠোর আইন থাকলেও বাস্তবে কার্যকর প্রয়োগ না থাকায় এই খাত থেকে প্রতিবছর সরকার হারাচ্ছে চার হাজার কোটি টাকারও বেশি রাজস্ব। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অবৈধ সিগারেটের বাজার আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত বিস্তার লাভ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী অবৈধ সিগারেট বাণিজ্যে বছরে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ কোটি টাকা।
বণিক বার্তা
৫ হাজার ৭৭৫ গ্রাহকের কাছে ৩ লাখ কোটি টাকার খেলাপি ঋণ
বড় ঋণখেলাপিদের অনেকে পাচার করা অর্থে ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্থায়ী আবাস গড়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মাত্র ৫ হাজার ৭৭৫ গ্রাহকের কাছেই রয়েছে ৩ লাখ কোটি টাকার খেলাপি ঋণ। এ ঋণখেলাপিদের মধ্যে এগিয়ে রয়েছে তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, জাহাজ নির্মাণ ও ভাঙার মতো উৎপাদনমুখী শিল্প খাত। আবার খেলাপির তালিকায় ওপরের দিকে আছেন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ীরা। ব্যাংক খাত তথা সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে খেলাপি ঋণ আদায় সদ্য নিয়োগ পাওয়া কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কালবেলা
বিশ্বব্যাংকের প্রকল্পে সিন্ডিকেট-দুর্নীতি!
নথিপত্রে প্রকল্পের লক্ষ্য হিসেবে নির্ধারণ রয়েছে দেশের নৌপথের উন্নয়ন ও নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করা। তবে বাস্তবে সেই প্রকল্পই পরিণত হয়েছে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের এক বিস্তৃত চক্রে। প্রথমেই নিয়ম ভেঙে দুর্নীতিতে অভিযুক্ত দুজনকে বানানো হয় প্রকল্প পরিচালক (পিডি) ও উপপ্রকল্প পরিচালক (ডিপিডি)। আর এ দুই শীর্ষ কর্মকর্তা পিডি ও ডিপিডির চেয়ারে বসতে না বসতেই শুরু করেন লাগামহীন দুর্নীতি। বিশ্বব্যাংক অর্থায়িত এই মেগা প্রকল্পে অন্তত শতকোটি টাকার আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এমনকি মাত্র ৫০ হাজার টাকার পিসি পোলে ব্যয় দেখানো হয়েছে ১০ লাখ টাকা।