পরিবেশদূষণ ও ঢাকার বাসযোগ্যতা ফেরানো বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ট্রাম্পের নতুন শুল্কহার, বাংলাদেশের কী হবে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি করেছে ৯ ফেব্রুয়ারি। সে চুক্তি অনুযায়ী বাংলাদেশের ওপর দেশটির পাল্টা শুল্কের হার ১৯ শতাংশ। দুই সপ্তাহ পার না হতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছেন।
কালের কণ্ঠ
তিন চ্যালেঞ্জের মুখে ব্যাংক
সমস্যায় জর্জরিত অর্থনীতিসহ দেশের দায়িত্ব নিয়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। কিন্তু অর্থনীতির ধমনি হিসেবে বিবেচিত ব্যাংক খাতের অবস্থা মোটেও স্বস্তিদায়ক নয়। প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ, ২৩৪ বিলিয়ন ডলার পাচার ও বিশৃঙ্খল ব্যাংক খাত আড়চোখে তাকাচ্ছে সরকারের দিকে।
সমকাল
৪০ শতাংশের কম ভোটে ১৫ এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গড় ভোটের চেয়ে প্রায় ২০ শতাংশ কম ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছেন ১৫ জন। তারা নিজ নিজ নির্বাচনী আসনে ৪০ শতাংশের কম ভোট পেয়েছেন। অর্থাৎ তুলনামূলক কম সংখ্যক মানুষের ‘ম্যান্ডেট’ নিয়ে তারা সংসদে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রথম আলো
নারী আসনে প্রার্থিতা ঘিরে দলগুলোতে তৎপরতা, আলোচনায় কারা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এ ক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্রদল করা নেত্রীরা বেশ এগিয়ে আছেন।
দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ দিয়ে প্রোফাইল (বৃত্তান্ত) তৈরি করে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে পাঠানো শুরু করেছেন। আবার অনেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখাসাক্ষাৎ করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন।
বিবিসি বাংলা
আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার নেপথ্যে কী?
নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন– এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে।
দলের নির্দেশে, নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামায়াত বা অন্য কারো সঙ্গে কোনো সমঝোতা আছে– এসব প্রশ্নও সামনে আসছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল এবং সে কারণে তারা এই নির্বাচনেও অংশ নিতে পারেনি।
আজকের পত্রিকা
ঢাকা-দিল্লি বরফ গলছে
দেড় বছরের অস্বস্তিকর দূরত্বের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক আবার স্বাভাবিকতার পথে এগোচ্ছে—এমনই ইঙ্গিত মিলছে দুই দেশের কূটনৈতিক তৎপরতায়। স্থবিরতার এই সময়টিকে ‘জমে থাকা বরফ’-এর সঙ্গে তুলনা করছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, সম্পর্কের সেই বরফ আবার গলতে শুরু করেছে, তবে তা ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে।
বাংলাদেশ-ভারত সস্পর্ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, ‘ভারত আগেই বলেছিল, তারা কেবল নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক করবে। সেটাই হয়তো এখন একটু একটু কিছু করে শুরু হয়েছে।’
সমকাল
সংরক্ষিত নারী আসনেও ‘এক পরিবারে এক প্রার্থী’ নীতি
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনেও ‘এক পরিবারে এক প্রার্থী’ নীতি অবলম্বন করবে বিএনপি। এতে অনেক নতুন মুখের সংসদে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যেসব পরিবারে ইতোমধ্যে এমপি ও মন্ত্রী হয়েছেন, তাদের সংরক্ষিত আসনে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।
নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান; গঠন করা হয়েছে নতুন মন্ত্রিসভাও। এবার আলোচনায় সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচন।
বিবিসি বাংলা
বৈশ্বিক শুল্ক বাড়িয়ে এবার ১৫ শতাংশ করা কথা বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তার বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পর তিনি ওই রায়ের সমালোচনা অব্যাহত রেখেছেন।
এর আগে শুক্রবার তিনি আদালত কর্তৃক বাতিল হওয়া শুল্কের জায়গায় যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছিলেন।
সমকাল
এলডিসি নিয়ে দুইরকম চিঠি, মূল্যায়ন করবে জাতিসংঘ
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদন মূল্যায়ন করবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। বাংলাদেশে নবনির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর গত বুধবার প্রথম কার্যদিবসেই জাতিসংঘের ওই কমিটির কাছে এলডিসি থেকে বের হওয়ার সময় তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে। তবে এর আগে দেড় বছর দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার সিডিপিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ২০২৬ সালের ২৪ নভেম্বর নির্ধারিত তারিখে উত্তরণের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
আজকের পত্রিকা
প্রশ্নফাঁসের আবেদ আলীর পর পিএসসির আরেক কোটিপতি গাড়িচালকের সন্ধান
দেশের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও এক দুর্নীতিগ্রস্ত কোটিপতি গাড়িচালকের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মো. আতাউর রহমান নামের ওই গাড়িচালকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি।
বণিক বার্তা
নগদে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান
নগদকে নতুন মালিকানা ও ব্যবস্থাপনায় দেয়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিষ্ঠানে বিদেশী বিনিয়োগকারীদের যুক্ত করার আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে তিনি দেশী-বিদেশী বহুজাতিক বিনিয়োগ সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে জানিয়েছেন। বিনিয়োগ আগ্রহের ধারাবাহিকতায় গভর্নর বরাবর নগদের ফরেনসিক অডিট করার আবেদন করেছেন। ৮ ফেব্রুয়ারি এ আগ্রহ প্রকাশ করে তিনি গভর্নর বরাবর চিঠি দিয়েছেন।
প্রথম আলো
নতুন দুই মেট্রোরেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি
ঢাকায় নতুন দুটি পথে মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে যে ব্যয় দাঁড়াচ্ছে, তা উত্তরা-মতিঝিল পথের দ্বিগুণের বেশি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১ হাজার ৫৭৪ কোটি টাকা। অন্যদিকে নতুন দুই পথে খরচ দাঁড়াচ্ছে কিলোমিটারে ৩ হাজার ৬১৮ কোটি টাকা। যদিও সরকার এই বিপুল ব্যয়ে মেট্রোরেল নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি।
বণিক বার্তা
পরিবেশদূষণ ও ঢাকার বাসযোগ্যতা ফেরানো বিএনপি সরকারের বড় চ্যালেঞ্জ
বসবাসযোগ্য শহরের এ তালিকায় ঢাকার পেছনে রয়েছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক ও লিবিয়ার ত্রিপোলি। একই সময়ে বায়ুদূষণের সূচকেও বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় উঠে এসেছে ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী দল বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। সেদিনও বিশ্বের ১২১ শহরের মধ্যে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী। বাতাসের মান ছিল ‘খুব অস্বাস্থ্যকর’। এটা শুধু সেদিনের পরিস্থিতি নয়, বরং প্রতিদিনেরই চিত্র। ঢাকার পরিবেশদূষণকে নিয়ন্ত্রণ ও বাসযোগ্যতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হয়েছে। বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট, জলাবদ্ধতা ও সবুজায়নের ঘাটতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না থাকায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি গত দেড় বছরে।
দেশ রূপান্তর
সুবিধাভোগী পুলিশের সন্ধানে পুলিশ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড় বছর ক্ষমতায় ছিল অন্তর্বর্তী সরকার। পুলিশের কিছু কর্মকর্তা পতিত সরকারের আমলে যেন ক্ষমতাধর ছিলেন, অন্তর্বর্তী সরকারের আমলেও তাদের প্রভাব কম ছিল না। যে সরকার ক্ষমতায় এসেছে, তাদেরই লেজুড়বৃত্তি করেছেন তারা। বিএনপি সরকার গঠনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে কাজ শুরু করেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এ অবস্থাতেই পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাহিনীর যারা সব সরকারের আমলেই সুবিধা নিয়ে আসছেন, তাদের বিষয়ে খোঁজ নিতে সরকারের হাইকমান্ড থেকে গোপন বার্তা দেওয়া হয়েছে। বার্তা পেয়ে পুলিশের দুটি ইউনিটসহ গোয়েন্দারা কাজও শুরু করে দিয়েছেন। এ ক্ষেত্রে কয়েকজন অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টরসহ দেড় শতাধিক কর্মকর্তার বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের একটি তালিকা করে আরও গভীরে গিয়ে তদন্তও শুরু করেছে একাধিক সংস্থা। তালিকাভুক্তরা সব সরকারের আমলেই বিশেষ সুবিধা নিয়ে পদোন্নতিসহ ভালো স্থানে কাজ করে আসছেন। নতুন সরকার আসার পরপরই ভোল পাল্টে তারা নিজেদের বিএনপি আদর্শের আখ্যা দিয়ে সুবিধা নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এসব কর্মকর্তা বঞ্চিত বলে সুবিধা নিয়েছেন এমন তথ্য গোয়েন্দাদের গোপন তদন্তে উঠে ইতিমধ্যে উঠে এসেছে।
কালের কণ্ঠ
রাজধানীতে মশার দাপট বাড়ছেই, নিয়ন্ত্রণে হিমশিম দুই সিটি
রাজধানীতে মশার উপদ্রব আবারও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার পরিমাণ ৪০ শতাংশের বেশি বেড়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই কিউলেক্স প্রজাতির। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নর্দমা ও জলাশয়ের দূষণ, দুর্বল তদারকি এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি অব্যাহত থাকলে মার্চে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
যুগান্তর
চাঁদার নামে চাঁদাবাজি
বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও টেম্পো-লেগুনা থেকে দৈনিক প্রায় শতকোটি টাকা চাঁদা আদায় করা হচ্ছে। যার বেশির ভাগ চাঁদাবাজি। সোজা কথা, ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে চাঁদা আদায়। সড়ক পরিবহণ মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মী এসব চাঁদা আদায়ে যুক্ত। রাজধানীসহ সারা দেশে প্রায় ৩ হাজার স্পট থেকে প্রতিদিন এভাবে চাঁদা আদায় করা হয়। সারা দেশ থেকে যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
কালের কণ্ঠ
ভেজাল উপাদানে তৈরি মাদকে নতুন আতঙ্ক
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি ও সীমান্তে ব্যাপক অভিযানের পরও রমরমা মাদক ব্যবসার হেরফের নেই। দেশের বিভিন্ন স্থানে চলছে মাদক কারবারি ও ক্রেতার লেনদেন। এর মধ্যেই অধিক মুনাফার লোভে মাদক কারবারি কেউ কেউ নিজেরাই উৎপাদনে ঝুঁকছে, যা দেশের ভেতর মাদক ব্যবসা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এ ক্ষেত্রে বেশির ভাগ মাদকদ্রব্য ভেজাল উপাদান দিয়ে তৈরি হচ্ছে বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানিয়েছে।
দেশ রূপান্তর
বহু সংকট সঙ্গী করে ষোলতে পা
কীর্তনখোলা নদীর তীরে মনোমুগ্ধকর পরিবেশে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। আজ ২২ ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয় ১৫ বছর পেরিয়ে ১৬তম বছরে পদার্পণ করেছে। অথচ অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট, আধুনিক গবেষণাগারের অভাব, আবাসন সমস্যা এবং প্রশাসনিক অচলাবস্থার কারণে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার শিক্ষার্থীরা।
কালের কণ্ঠ
সম্ভাবনা-অনিশ্চয়তায় রপ্তানি
মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষিত হওয়ায় বৈশ্বিক বাণিজ্যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। আদালতের রায়ের ফলে আগে ঘোষিত পাল্টা শুল্ক কার্যত বাতিল হয়ে গেলেও পরে নতুন নির্বাহী আদেশের মাধ্যমে সব দেশের ওপর আবারও ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ফলে সামগ্রিক পরিস্থিতি এখনো পুরোপুরি পরিষ্কার নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কালবেলা
বিতর্কিত প্রকল্পে ১০০ কোটি টাকা ছাড়ে ব্যাংক ম্যানেজারকে চাপ
বিটিসিএলের সক্ষমতা বাড়াতে বিগত আওয়ামী লীগ সরকার ‘ফাইভজি উপযোগীকরণে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়। বুয়েটের মাধ্যমে প্রকল্পের ফিজিবিলিটি বা সম্ভাব্যতা পরীক্ষা করা হয়। এতে খরচ হয় প্রায় ২৮ লাখ টাকা। পরে অপ্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়ের তৎপরতা শুরু হয়। যেখানে বুয়েটের রিপোর্ট উপেক্ষা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ কারণে ১৬৫ কোটি টাকার প্রকল্পে ৩২৬ কোটি টাকা ব্যয়ের আয়োজন করা হয়। তবে প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগ এলে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে।