আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সোমবার (০২ মার্চ) পরিদর্শনকালে তিনি সাম্প্রতিক ঘটনাবলি ও উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের কল্যাণ ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং সব পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থাকার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন। উপদেষ্টা এদেশে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময়কালে প্রবাসী কর্মীরা ভিসা জটিলতা, প্রবাসী ঋণ প্রাপ্তি এবং রেমিট্যান্স পাঠাতে বিদ্যমান প্রতিবন্ধকতাসহ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উপদেষ্টা আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনেন। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবাসীবান্ধব অঙ্গীকার অনুযায়ী প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) মো. আব্দুস সালামসহ ফারনেক-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।