চট্টগ্রামে হোটেলের রান্নাঘরে তেলাপোকা-ইঁদুর, ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ‘সাতকানিয়া ভাত ঘর’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব রয়েছে। অত্যন্ত স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশে সেখানে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিল।
এ ছাড়া জিলাপি তৈরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহারের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খাদ্যকর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সনদও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানার একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমআর/বিআরইউ