রাজধানীতে বালিয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে বসবাসরত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাবাসীর মিলনমেলায় পরিণত হয়েছিল বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর আসাদগেটের একটি কনভেনশন সেন্টারে বালিয়াডাঙ্গী উপজেলা সমিতি, ঢাকা-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মো. মাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল কবির সৌরভ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আব্দুস সালাম বলেন, বালিয়াডাঙ্গী আমাদের শেকড়। আমরা পেশাগত কারণে ঢাকায় থাকলেও আমাদের মন পড়ে থাকে এলাকায়। বালিয়াডাঙ্গী উপজেলার উন্নয়নে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এই সমিতির মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়ানোর যে সুযোগ পাচ্ছি, তা আগামীতে আরও সুসংগঠিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. ইউনুছ আলী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. কে এম আলমগীর কবির।

বক্তারা বলেন, এই ইফতার মাহফিল কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি ঢাকায় বসবাসরত বালিয়াডাঙ্গীবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি প্ল্যাটফর্ম। সরকারি ও বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তানদের এক টেবিলে আসা এলাকার সাধারণ মানুষের জন্য আশার আলো দেখায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, ইস্টার্ন ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান মো. আব্দুস সবুর, সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী ফজলুর রহমান, হেরিটেজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়জুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. সিরাজদৌলা, স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান আলী এবং বিটিভির প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।
বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাধারণ কর্মজীবী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বিশিষ্টজনেরা এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং উপস্থিত সবার মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা একসঙ্গে ইফতার করেন।
এএমকে