জাবিতে দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে ছাত্রদলের ইফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের উদ্যোগে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করেন।
ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশের প্রতি অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমরা আজকের এই আয়োজনের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
ইফতারে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, এ ধরনের আয়োজন ক্যাম্পাসে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে। অন্যান্য সংগঠনও এ রকম প্রোগ্রামে উৎসাহিত হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই আয়োজনের মাধ্যমে আজকে যারা ইফতার গ্রহণ করবে তাদের দুটি হাত সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটার প্রতিদান হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অবশ্যই উপকৃত হবে- এটা আমি বিশ্বাস করি। একটি ইফতার মাহফিলে যে পরিমাণ অর্থ ব্যয় হয়- তার চাইতে কম অর্থ ব্যয়ে সমস্যায় আছে এমন একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো যায়, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ।
অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
আরএআর