দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
মূলত নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতেই এই সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সভার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলেও ইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসন ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভাটি বুধবার দুপুর দেড়টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, এই সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বৈঠকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও মোতায়েন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এসআর/বিআরইউ