এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিজ্ঞাপন
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া ডি-ব্লক মাঠে ‘ঢাকা-১৩ আসনের ঐক্যবদ্ধ জনগণ’ ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তিনি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, প্রতি মাসে একটি করে উন্মুক্ত টাউন হল অনুষ্ঠিত হবে, যেখানে নাগরিকরা সরাসরি এসে তাকে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারবেন। রমজান মাসের কারণে মার্চ মাসে এ আয়োজন করা সম্ভব হয়নি।
তিনি জানান, আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে সূচনা কমিউনিটি সেন্টারে উন্মুক্ত টাউন হল অনুষ্ঠিত হবে, যেখানে এলাকার নাগরিকরা সরাসরি তাদের সমস্যা, দাবি ও প্রস্তাব তুলে ধরতে পারবেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও বলেন, একসময় লালমাটিয়া ও বৃহত্তর মোহাম্মদপুর এলাকা শিক্ষিত ও মার্জিত মধ্যবিত্ত মানুষের জন্য পরিচিত ছিল। সেই এলাকার মর্যাদা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মোহাম্মদপুর এলাকার খালগুলোতে বছরের পর বছর আবর্জনা জমে থাকায় বর্ষা মৌসুমে পানি উপচে পড়ে এবং অন্য সময় মশা ও দুর্গন্ধের সমস্যা সৃষ্টি হয়। সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এসব সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
এছাড়া রাতে অনেক সড়কে পর্যাপ্ত আলো না থাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এলাকাবাসীকে নিজ নিজ বাড়ির সামনে রাস্তার দিকে অন্তত দুটি করে লাইট লাগানোর আহ্বান জানান। এতে রাস্তাগুলো আলোকিত হলে অপরাধ প্রবণতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকার পুলিশ সদস্যদের সহায়তার জন্য স্থানীয়ভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জন্য একটি সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীকে এতে স্বেচ্ছায় অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।
এলাকাবাসীর সন্তান ও সেবক হিসেবে সবসময় তাদের পাশে আছেন এবং যেকোনো প্রয়োজনে তাকে কাছে পাওয়া যাবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩২নম্বর ওয়ার্ড সভাপতি বিল্লাল আহমেদ, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি।
এছড়াও মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আহম্মেদ মনির, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন টুয়েল, যুগ্ম আহ্বায়ক মীর কামাল। ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি সি. যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. জাহাংগীর, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএএ/এসএইচএ