সময়ের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রযুক্তি, বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের পটিয়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে হজরত চিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার ৩৬তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও হজরত চিকন খলিফা (রহ.)-এর বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এখানে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি, তথ্যপ্রুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষার্থীরাও সঠিক দিকনির্দেশনা পেলে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’ তিনি মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার জন্য আরও আন্তরিক হতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, যুগ্ম আহ্বায়ক গাজী সিরাজ উল্লাহ, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী এবং উপজেলা শিক্ষা অফিসার দীপন কান্তি দে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এস এস গ্রুপের চেয়ারম্যান নুর মোহাম্মদ, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী, বিএনপি নেতা জিল্লুর রহমান ও জিয়াউর রহমান। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র।
বিজ্ঞাপন
আরএমএন/বিআরইউ
