বিজ্ঞাপন

মিয়ানমারে পাচারের সময় ডিজেল-আলকাতরাসহ আটক ৭

অ+
অ-
মিয়ানমারে পাচারের সময় ডিজেল-আলকাতরাসহ আটক ৭

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

বিজ্ঞাপন

চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের ১৪ নম্বর ঘাট-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা এবং ৪টি ডিজেল ইঞ্জিন উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে জড়িত সাতজনকে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে পাচারের জন্য প্রস্তুতকৃত জ্বালানি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’

জব্দ করা মালামাল, ট্রলিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

আরএমএন/বিআরইউ