বিজ্ঞাপন

চট্টগ্রামে গোপনে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল প্রশাসনের কব্জায়

অ+
অ-
চট্টগ্রামে গোপনে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল প্রশাসনের কব্জায়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় গোপনে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তিনটি বড় ট্যাংকারে বিপুল পরিমাণ এই ডিজেল মজুত অবস্থায় খুঁজে পায় প্রশাসন। ট্যাংকারগুলো থেকে ড্রামে ভরে খোলা বাজারে বিক্রির প্রস্তুতি ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে গোপনে এসব ট্যাংকারে ডিজেল মজুত করে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশে বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় তেল মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। এটি কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও জানান, যারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে অবৈধভাবে মুনাফা অর্জনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন জানিয়েছে, দেশের বাজারে পর্যাপ্ত অকটেন, পেট্রোল ও ডিজেলের সরবরাহ রয়েছে। তাই কোনো ধরনের গুজব বা কৃত্রিম সংকটে আতঙ্কিত না হওয়ার জন্যও সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। অসাধু মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমআর/জেডএস