চট্টগ্রামে বহু নারী নীরবে সহ্য করছেন দীর্ঘদিনের তলপেটের ব্যথা, অনিয়মিত ঋতুস্রাব কিংবা বন্ধ্যাত্বজনিত জটিলতা। কিন্তু অনেক ক্ষেত্রেই এসব রোগ শনাক্ত হতে দেরি হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এন্ডোমেট্রিওসিস ও অ্যাডেনোমায়োসিসের মতো জটিল নারীরোগ সম্পর্কে সচেতনতার অভাব এবং সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ার প্রবণতাই এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) নগরের একটি অভিজাত হোটেলে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব বিষয় উঠে আসে। বিশ্ব অ্যান্ডোমেট্রিওসিস সচেতনতা মাস উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। একইসঙ্গে সংগঠনটির ১৯তম বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রতিপাদ্য ছিল অ্যান্ডোমেট্রিওসিস সেবায় আমরা কতটা প্রস্তুত?। এতে বিশেষজ্ঞরা বলেন, অ্যান্ডোমেট্রিওসিসকে প্রায়ই ‘নীরব বোঝা’ বলা হয়, কারণ রোগটি দীর্ঘদিন উপসর্গ থাকা সত্ত্বেও অনেক সময় সঠিকভাবে শনাক্ত হয় না। ফলে রোগীরা বছরের পর বছর ব্যথা ও জটিলতা নিয়ে জীবনযাপন করেন।
ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা বলেন, অ্যান্ডোমেট্রিওসিস কেবল একটি শারীরিক সমস্যা নয়, এটি নারীর মানসিক স্বাস্থ্য ও জীবনমানের ওপরও গভীর প্রভাব ফেলে। তাই দ্রুত শনাক্তকরণ ও সমন্বিত চিকিৎসা অত্যন্ত জরুরি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওজিএসবির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম। তিনি বলেন, নারীদের এই ধরনের রোগ নিয়ে লজ্জা বা ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। পাশাপাশি চিকিৎসকদেরও এ বিষয়ে আরও সংবেদনশীল ও দক্ষ হয়ে ওঠার প্রয়োজন রয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত অধ্যাপক ডা. সামিনা চৌধুরী, অধ্যাপক ডা. সালেহা বেগম, অধ্যাপক ডা. রাশিদা বেগম, অধ্যাপক ডা. মারুফ সিদ্দিকী, অধ্যাপক ডা. গুলশান আরা ও ডা. এনামুল হক।
ওজিএসবি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. রওশন মোরশেদ এবং অধ্যাপক ডা. শাহানারা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. ফয়সাল সরকার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ওজিএসবি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শামীমা ছিদ্দিকা রোজীসহ সেমিনারে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন
নতুন নেতৃত্বে ওজিএসবি চট্টগ্রাম
ওজিএসবি চট্টগ্রাম শাখার ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ২৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে শেভরন ফার্টিলিটি সেন্টারের চেয়ারপার্সন ডা. জিনাত আরা চৌধুরী সভাপতি এবং চমেক হাসপাতালে প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন নেতৃত্ব চট্টগ্রামে নারীস্বাস্থ্য সেবার মানোন্নয়ন, চিকিৎসা গবেষণার প্রসার এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
এমআর/এমএন
