কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে অবৈধভাবে আটকে রেখে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ মোট ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
উদ্ধার করাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র বিদেশে উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/জেডএস
