ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল পিআইসিটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের মান্যবর রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি। রোববার (৫ এপ্রিল) সকালে তিনি টার্মিনালটি ঘুরে দেখেন এবং এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় টার্মিনালের সার্বিক কার্যক্রম, সক্ষমতা ও সেবা নিয়ে তাকে ব্রিফিং প্রদান করা হয়।
সরেজমিনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে রাষ্ট্রদূত পানগাঁও আইসিটির অবকাঠামো ও সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই টার্মিনাল ব্যবহার করে ভুটানের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ ধরনের অবকাঠামো আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ার ও মো. আশরাফ করিম চৌধুরী, পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার বশির আহমেদ, মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আনিসুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত টার্মিনালের কার্যক্রম আরও উন্নত করতে মতামত প্রদান করেন। বন্দরের কর্মকর্তারা আশা করছেন, তার এ পরামর্শ ভবিষ্যতে সমন্বয় বাড়ানো এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
এমআর/এএমকে
