বিজ্ঞাপন

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অ+
অ-
মোহাম্মদপুরে যৌথ অভিযানে ১৬ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও তিতাস গ্যাসের যৌথ অভিযানে ১৬টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত একতা হাউজিংয়ের দুই নম্বর রোডে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের বিষয়ে জানতে চাইলে তিতাস গ্যাসের সেন্ট্রাল ভিজিল্যান্সের ম্যানেজার বিবেক চক্রবর্তী জানান, সকালে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের দুই নম্বর রোডে অভিযান চালানো হয়। সেখানে একটি মূল লাইন থেকে ১৬টি বাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছিল। আমরা সেই লাইনটি চিহ্নিত করে ১৬টি বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) সঙ্গে না থাকায় অবৈধ সংযোগ ব্যবহারকারীদের কোনো আর্থিক জরিমানা বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি। 

বিজ্ঞাপন

কারা এই অবৈধ সংযোগ দেয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ সংযোগ কারা দেয়, তা আমাদের সঠিক জানা নেই। তবে আমরা জানতে পেরেছি যে একটি চক্র গভীর রাতে এসব অবৈধ সংযোগ দিয়ে চলে যায়। এই সড়ক ও হাউজিং এলাকায় এর আগেও আমরা বহুবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তিতাস গ্যাসের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে একটি চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে গভীর রাতে এসব অবৈধ সংযোগ দেয়। আবার হয়তো তারাই তথ্য দিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করায়। এখানে ওই চক্রটি যত বেশি লাইন কাটবে, ততই তাদের লাভ; কারণ তারাই আবার নতুন করে টাকা নিয়ে সংযোগ দেওয়ার সুযোগ পায়। 

এসএএ/এমএসএ