বিজ্ঞাপন

আগের সরকারের সময়ে র‍্যাবের অপকর্মের ইতিহাস খুব বেশি নেই : র‍্যাব ডিজি

অ+
অ-
আগের সরকারের সময়ে র‍্যাবের অপকর্মের ইতিহাস খুব বেশি নেই : র‍্যাব ডিজি

গত দেড় বছর এবং এর আগের সরকারের সময়ে র‍্যাবের অপকর্মের ইতিহাস খুব বেশি নেই বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর র‍্যাবের কথিত খুন, গুম ও ‘ক্রসফায়ার’-এর নথি তলব করে মামলাগুলো তদন্ত করবেন– এ ক্ষেত্রে র‍্যাব সহযোগিতা করবে কি না, জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘বিচারপ্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে আমাদের সহযোগিতা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের কাছে যা আছে, তা দেব। কোনো তথ্য না থাকলে আমরা অপারগতা প্রকাশ করব। তবে ট্রাইব্যুনাল এই বিষয়ে এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা আমাদের কাছে সহায়তা চাইলে অবশ্যই সহায়তা করা হবে।’

র‍্যাব বিলুপ্তির বিষয়ে দেশি-বিদেশি সংস্থার চাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, র‍্যাব বিলুপ্তি বা বাহিনী সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র‍্যাবের ওপর বর্তায় না; সরকার এ বিষয়গুলো বিবেচনা করবে। তিনি বলেন, ‘আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব পালন করা। যেহেতু আমরা রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করছি, তাই আমাদের মূল কাজই হচ্ছে কাজের মাধ্যমে র‍্যাবকে জনগণের সামনে ভালোভাবে প্রতিষ্ঠিত করা। র‍্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আমরা আমাদের কাজ করে যাব।’

বিজ্ঞাপন

বিগত সময়ে র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে আহসান হাবীব পলাশ বলেন, ‘গত দেড় বছর এবং এর আগের সরকারের সময়ের র‍্যাব কার্যক্রম পর্যালোচনা করলে দেখবেন, র‍্যাবের অপকর্মের ইতিহাস খুব বেশি নেই। এতেই প্রমাণিত হয় যে সঠিকভাবে পরিচালনা করা গেলে র‍্যাব সঠিকভাবে চলতে পারে। আমি মনে করি, এ ব্যাপারে সরকার চেষ্টা করছে এবং আমরা সরকারের কিছু নির্দেশনাও পেয়েছি।’

জলদস্যু ও বিচ্ছিন্নতাবাদীদের ফের সক্রিয় হওয়ার বিষয়ে তিনি জানান, র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে এবং এ নিয়ে কাজ চলছে। নির্বাচনসহ বিভিন্ন কারণে আগে পর্যাপ্ত দৃষ্টি দেওয়া সম্ভব না হলেও এখন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলের বিষয়ে র‍্যাব ডিজি বলেন, ‘জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ– এগুলোর জবাব আমি দিতে চাই না, তবে আমরা কাজ করছি। যে ‘বাদ’-ই থাকুক না কেন, আমরা তা নির্মূল করতে পারব।’

বিজ্ঞাপন

কিশোর গ্যাং বা কিশোর অপরাধী চক্রের বিষয়ে তিনি বলেন, এটি বর্তমানে দেশে প্রকট আকার ধারণ করছে। পুলিশ ও র‍্যাব যৌথভাবে এটি নিয়ে কাজ করছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারাও উন্মোচন করুন কারা কিশোর গ্যাংকে সহায়তা করছে, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।’

র‍্যাবের নাম পরিবর্তন বা সংস্কার প্রসঙ্গে তিনি জানান, পুনর্গঠন বা কাঠামোগত পরিবর্তন সরকারের বিবেচনার বিষয়। র‍্যাবের অগ্রাধিকার হচ্ছে অর্পিত দায়িত্ব পালন করা। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কেউ ছাড় পাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘র‍্যাব গঠনের পর থেকে এখন পর্যন্ত কেন এ ঘটনাগুলো ঘটল, তা পর্যালোচনা করলে দেখা যায়, কাজের ক্ষেত্রে কিছু ভিন্নতা বা কিছুটা পদস্খলন ছিল। আমরা যদি এই বিষয়গুলো সংশোধন করতে পারি, তবে আমার মনে হয় নিষেধাজ্ঞার বিষয়টি আর থাকবে না।’

এসএএ/বিআরইউ