রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ছিনতাইকারীদের গুলিতে মো. আল আমিন (৩০) ও মো. পারভেজ (২২) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ আল আমিনের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কড্ডা মোড় কান্দাপাড়া গ্রামে। তিনি পেশায় তৈরি পোশাক কারখানার সাব-কন্ট্রাক্টর। অন্যদিকে, পারভেজ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নওগাঁ বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় এক পোশাক দোকানের কর্মচারী। তারা বর্তমানে আশুলিয়া এলাকায় বসবাস করেন।
আহত আল আমিনের ভাই মুস্তাফিজ জানান, আল আমিন ও পারভেজ একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। সকাল সাড়ে ৯টার দিকে তারা জামগড়া এলাকার একটি হোটেল থেকে নাস্তা সেরে মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার চকবাজারের পথে রওনা হন। তারা জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের কাছে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের হাসপাতালে ভর্তির নির্দেশ দেন।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এসএএ/এমএআর/
