বিজ্ঞাপন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ : মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা

অ+
অ-
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ : মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের বিশেষ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত একটি নির্দেশনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগের দিন অর্থাৎ ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব ও প্রাইভেটকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে কড়াকড়ি আরও বেশি। ৭ এপ্রিল রাত ১২টা থেকে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোট তিন দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চালানো যাবে না।

নির্বাচন কমিশনের চিঠিতে জানানো হয়, জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এর মধ্যে রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র বহনকারী যানবাহন, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স।

বিজ্ঞাপন

ইসি জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য শিথিলতা থাকছে। রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রার্থীরা একটি এবং তাদের এজেন্টরা একটি যানবাহন (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহার করতে পারবেন। এছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার বিশেষ অনুমতি সাপেক্ষে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন ব্যবহার করতে পারবেন। স্থানীয় জনসাধারণের যাতায়াতের প্রয়োজনেও কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল রাখার সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন।

এসআর/জেডএস