রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৫০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রানাভোলার ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই দ্রুততম সময়ে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। ফায়ার ফাইটারদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন বস্তির অন্যান্য অংশে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে কাজ করছেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত বিবরণ জানার চেষ্টা চলছে।
এমএসি/এমএসএ
