রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে দুই ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় এক পাঠাও ডেলিভারি ম্যানকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নিয়েছে ৮-১০ জনের একটি ছিনতাইকারী চক্র।
বিজ্ঞাপন
এছাড়া মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় শনিবার (১১ এপ্রিল) সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।
স্থানীয়রা জানায়, শনিবার (১১ এপ্রিল) বিকেলে আদাবরের শ্যামলী হাউজিং ২য় প্রকল্প এলাকায় ছিনতাইয়ের শিকার হন রমজানুল ইসলাম। তিনি পাঠাও ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন। শনিবার বিকেলে ওই এলাকায় একটি টি-শার্ট ডেলিভারি দিতে এলে ৮-১০ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এরপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আহত করে নগদ ৭০ হাজার টাকার বেশি এবং মোবাইল ফোনসহ সবকিছু কেড়ে নিয়ে যায়।
বিজ্ঞাপন
প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন তিনি।
এছাড়াও মো. রিপন নামে এক ভুক্তভোগী গত বুধবার (৮ এপ্রিল) রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এ সময় তাকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিনি হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (১১ এপ্রিল) মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ছিনতাইয়ের শিকার রমজানুল ইসলাম বলেন, আমি বিকেলের দিকে শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পে একটা টি-শার্ট ডেলিভারি দিতে আসি। এসে দেখি যারা অর্ডার করেছিল, তারা ৮-১০ জনের একটি দল আমাকে ঘিরে ধরে। এ সময় আমাকে সামুরাইয়ের উল্টো পিঠ দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। আমি তখন চিৎকার করে সাহায্য চাইলেও আশপাশের দোকানে বা রাস্তায় থাকা অনেক মানুষের কেউ আমাকে বাঁচাতে আসেনি। তারা আমার থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে আমি একজনের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি ডেলিভারি বয়ের কাজ করে যা আয় করি তা দিয়ে আমাদের সংসার চলে। ছিনতাইকারীরা আমাকে নিঃস্ব করে দিয়ে গেল।
আরেক ভুক্তভোগী মো. রিপন জানান, আমি একতা হাউজিং নদীর পাড় দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দুই-তিনজন ছিনতাইকারী এসে প্রথমে আমার পায়ে সামুরাই দিয়ে কোপ দেয়। আমি পড়ে গেলে আরও ৫-৬ জন এসে আমাকে ঘিরে ধরে কুপিয়ে আহত করে এবং আমার মোবাইল ফোন, টাকাপয়সাসহ জরুরি সবকিছু নিয়ে যায়। এ ঘটনার পর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে দুই দিন পর আজ (শনিবার) মোহাম্মদপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, একটি ছিনতাইয়ের ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। সেটি নিয়ে পুলিশ কাজ করছে। পাঠাও ডেলিভারি ম্যান ছিনতাইয়ের ঘটনায় আমরা এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএএ/এমএসএ
