বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনার সময় উপস্থিত অনেকে ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে আসেননি, যা নিয়ে জনমনে মানবিকতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিষয়টি নজরে আসার পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুরো বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। তিনি এ ধরনের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, “শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও আমি মর্মাহত। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে মানুষ এবং সকল প্রাণের বসবাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।”
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করেন তিনি।
এদিকে প্রতিমন্ত্রীর কড়া নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিয়া খাতুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন– সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান। প্রশাসন জানিয়েছে, তদন্তের ভিত্তিতে দ্রুত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এসএইচআর/এমএম/বিআরইউ
