রাজধানীর মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মহাখালীর আমতলী থেকে সাতরাস্তা যাওয়ার রাস্তা প্রায় কয়েক ঘণ্টা ধরে যানচলাচল বন্ধ রয়েছে বলে যাত্রীরা অভিযোগ করছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মহাখালী এলাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে যা এই প্রতিবেদন লিখা পর্যন্ত চলমান রয়েছে।
রাজধানীর মহাখালী এলাকায় গিয়ে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই আমতলী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন প্রকার যানবাহনগুলোকে। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন।
আরও দেখা যায়, যানজট ছড়িয়ে পড়েছে মহাখালী থেকে গুলশান ও অন্যদিকে জাহাঙ্গীর গেইট পর্যন্ত। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বিজ্ঞাপন
চালকরাও জানান, সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এই যানজট ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয় এবং রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও ধীরগতির কারণে পুরো এলাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাস কিংবা অন্য যানবাহনে বসে থাকা যাত্রীরা নানা পোস্ট দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছেন।
মেরাজ হোসেন রুম্মান নামে এক যাত্রী ট্রাফিক এলার্ট গ্রুপে পোস্ট দিয়ে বলেন, মহাখালীতে কি হয়েছে। মহাখালীর এই যানজট থেকে আমাদের কে রক্ষা করবে।
বিজ্ঞাপন
একই গ্রুপে মেহেরুন আক্তার নামে আরেক যাত্রী পোস্ট দিয়ে বলেন, কি হয়েছে মহাখালীতে। প্রায় এক ঘণ্টা হয়ে গেলো আমতলী থেকে গুলশান যেতে পারছি না।
মহাখালীর এই যানজটের বিষয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে দুইটি কারণ জানা যায়। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার পর মহাখালীর ওয়ারলেস এলাকায় কড়াইল বস্তির লোকজন রাস্তা অবরোধ করেছিল প্রায় ৩০ মিনিট। এর ফলে যান চলাচল বন্ধ ছিল। বস্তিতে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার অভিযোগে তারা এই অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে পুলিশ রাস্তা থেকে সরিয়ে দিয়ে যানচলাচল শুরু করে। কিন্তু পিক আওয়ারে ৩০ মিনিট রাস্তা বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে মহাখালীতে।
আরও জানা যায়, মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনাল সংলগ্ন তেলের পাম্প থেকে জ্বালানি নিতে বিভিন্ন পরিবহনের দীর্ঘ লাইন কয়েক ঘণ্টা ধরে। ফলে এই রাস্তায় গাড়ি চাপ মাত্রা অতিরিক্ত বেশি থাকায় যানচলাচল প্রায় বন্ধই রয়েছে।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাতে মহাখালী এলাকায় কড়াইল বস্তির বাসিন্দারা রাস্তা অবরোধ করেছিল। এর ফলে যানজট বেড়ে যায়। অন্যদিকে মহাখালী এলাকায় তেলের পাম্পে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। এসব কারণে মহাখালী এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি।
এমএসি/এমএন
