বিজ্ঞাপন

গরম উপেক্ষা করে হাতিরঝিলে মানুষের ঢল, উৎসবের আমেজে নববর্ষকে বরণ

অ+
অ-
গরম উপেক্ষা করে হাতিরঝিলে মানুষের ঢল, উৎসবের আমেজে নববর্ষকে বরণ

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপনকে ঘিরে রাজধানীর হাতিরঝিল এলাকায় নেমেছে মানুষের ঢল। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকেই পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে ভিড় জমিয়েছেন নানা বয়সি মানুষ। হাতিরঝিলের ফুটপাত ও সেতুগুলো জুড়ে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে হাতিরঝিল এলাকা ঘুরে দেখা গেছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে লেক পাড়জুড়ে মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, কেউ বসে আড্ডা দিচ্ছেন, কেউবা মোবাইলে ছবি তুলছেন, আবার অনেকে নৌকাভ্রমণ উপভোগ করছেন। লেকের পানিতে নৌকাবাইচের মতো সারিবদ্ধভাবে ঘুরে বেড়ানো নৌকা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে। এছাড়া নববর্ষ উপলক্ষ্যে হাতিরঝিলে আয়োজন করা হয়েছে নৌকা বাইচ। এই আয়োজন দেখতে দর্শনার্থীদের ভিড় বিকেলের পর বেড়েই চলছে।

dhakapost

আরও দেখা যায়, হাতিরঝিলে নববর্ষ উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়েছে। নাগরদোলাসহ নানা রাইড রয়েছে। সেসব জায়গায় শিশুদের কোলাহল, তরুণদের উচ্ছ্বাস আর পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোর দৃশ্য মিলিয়ে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। গরমে কিছুটা ক্লান্তি থাকলেও উৎসবের আনন্দে তার প্রভাব খুব একটা চোখে পড়েনি।

বিজ্ঞাপন

হাতিরঝিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘুরতে আসা মানুষের সাজে ছিল ঐতিহ্য আর উৎসবের ছোঁয়া। নারীদের বেশিরভাগকেই দেখা গেছে সাদা, লাল শাড়িতে। অন্যদিকে পুরুষদের অনেকেই পরেছেন সাদা বা হালকা রঙের পাঞ্জাবি, কারও গায়ে লাল, সাদা ডিজাইনের ফতুয়া। তরুণদের মধ্যে ছিল রঙিন টি-শার্ট ও ফিউশন সাজের উপস্থিতিও।

dhakapost

ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, বাংলা নববর্ষ উপলক্ষ্যে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে হাতিরঝিল এসেছেন তারা। তীব্র গরম থাকলেও উৎসবের আনন্দ উপভোগ করতে বের হয়েছেন সবাই। অনেকে বলেন, সারা বছরের ব্যস্ততার মধ্যে এমন দিনগুলো একটু ভিন্নভাবে কাটানোর সুযোগ এনে দেয়। লেকের পরিবেশ, নৌকায় ঘেরা এবং খোলা জায়গায় বসে আড্ডা দেওয়ার সুযোগ থাকবে হাতিরঝিলে। তাই পরিবার নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা।

dhakapost

রাজধানীর মেরুল বাড্ডার বাসিন্দা মো. মানিক তার ৫ বছরের ও ৮ বছর বয়সের দুই মেয়েকে নিয়ে নববর্ষ উপলক্ষ্যে হাতিরঝিলে ঘুরতে এসেছেন। তিনি বলেন, নববর্ষে দুই মেয়েকে নিয়ে হাতিরঝিল ঘুরতে এসেছি। বাচ্চারা অনেক খুশি, নৌকা দেখা আর খোলা জায়গায় ঘুরে বেড়াতে তারা বেশ আনন্দ পাচ্ছে। গরম একটু বেশি, তবে বাচ্চারা ঘুরবে বলে বায়না ধরেছে। তাদের খুশির জন্য এসেছি। দুই মেয়ে খুব খুশি এখানে এসে।

বিজ্ঞাপন

dhakapost

হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজে দাঁড়িয়ে নৌকা বাইচ দেখছেন ফার্মগেট থেকে আসা দম্পতি সাদমান ও মহিমা আক্তার। তারা বলেন, নববর্ষ উপলক্ষ্যে হাতিরঝিলের এই আয়োজনটা খুবই ভালো হয়েছে। নৌকা বাইচ আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ। অন্যান্য জায়গায় ঘুরতে যাইনি কারণ প্রচণ্ড গরম। কিন্তু হাতিরঝিলে একটা প্রাকৃতিক পরিবেশ আছে নববর্ষের দিন ঘুরে ভালোই লাগছে।

এমএসি/এমএন

বিজ্ঞাপন