ঢাকা পোস্ট-এর ৬ষ্ঠ বছরেও খুলে দিতে চাই মতের ভিন্ন ভিন্ন দরজা

১৬ ফেব্রুয়ারি ২০২১, আজ থেকে পাঁচ বছর আগে গণমাধ্যম সাম্রাজ্যে ‘গোলাপের কলি’ হয়ে আবির্ভূত হয়েছিল ঢাকা পোস্ট। সেই কলি প্রস্ফুটিত হয়ে আজ ফুটন্ত গোলাপ, চারিদিকে সুবাস ছড়াচ্ছে।
যাত্রার শুরুতে ঢাকা পোস্ট সত্য প্রকাশে অবিস্মরণীয় অভিব্যক্তি প্রকাশ করে সবার মনে জায়গা করে নিয়েছিল। ঢাকা পোস্ট স্বকীয়তায় অনন্য ভূমিকা পালন করে আসছে।
যাত্রার প্রথম প্রহর থেকেই ঢাকা পোস্ট নিরপেক্ষ অবস্থান তুলে ধরে উল্লেখ করেছিল—‘চটক সরগরম খবর হতে নয়, এসেছি হতে নতুন এক সত্য দেয়াল যাতে সত্য, সত্য শুধুই সত্যই স্থান পাবে চিরকাল।’
আজও এই অভিব্যক্তি মনে ধারণ করে প্রত্যেক সদস্য সত্যালাপে ঢাকা পোস্টকে সুউচ্চ অবস্থানে তুলে ধরে আছেন।
ডিজিটাল দুনিয়ার শব্দদূষণে আজ সত্যকে আলাদা করে চেনা কঠিন। প্রতিদিন হাজারও ক্লিকবেইট শিরোনাম, যাচাইহীন তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত গুজব—সবকিছুর ভিড়ে পাঠকের সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় প্রশ্ন একটাই—কাকে বিশ্বাস করব? এই প্রশ্নের উত্তর খোঁজার দায় নিয়েই পাঁচ বছর আগে যাত্রা শুরু করেছিল ঢাকা পোস্ট।
আরও পড়ুন
এই পাঁচ বছরে ঢাকা পোস্ট শুধু একটি নিউজ পোর্টাল হয়ে ওঠেনি; ধীরে ধীরে আস্থার ঠিকানা তৈরি করেছে। ভুয়া খবরের ভিড়ে যাচাই করা তথ্যের দায় নেওয়া, ক্ষমতার কেন্দ্রে প্রশ্ন তোলা, প্রান্তিক মানুষের কণ্ঠকে জায়গা দেওয়া—এসবই আমাদের সাংবাদিকতার নৈতিক কম্পাস।
আমরা জানি, ডিজিটাল মিডিয়ার যুগে সংবাদ এখন আর শুধু সংবাদ নয়—এটি রাজনৈতিক হাতিয়ার, ব্যবসায়িক পণ্য এবং কখনো কখনো জনমত নিয়ন্ত্রণের অস্ত্র।
এই বাস্তবতায় দাঁড়িয়ে ঢাকা পোস্ট চেষ্টা করেছে নিজেকে পণ্য হিসেবে নয়, জনস্বার্থকে অগ্রাধিকার দিতে। এই অবস্থান সহজ ছিল না। রাজনৈতিক প্রভাব, ক্লিকের প্রতিযোগিতা—সবকিছুর মাঝখানে সত্যকে বাঁচিয়ে রাখা ছিল প্রতিদিনের লড়াই।
ঢাকা পোস্ট বিশ্বাস করে, সংবাদ শুধু কী ঘটেছে জানানো নয়, কেন ঘটেছে তা খুঁজে বের করার দায়ও সাংবাদিকতার। এই দায়বোধ থেকেই আমরা দুর্নীতি, অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা, সামাজিক বৈষম্য ও ন্যায়বিচারের প্রশ্নে আপসহীন থাকার চেষ্টা করেছি।
ভুল করেছি, সমালোচনা শুনেছি এবং সেখান থেকে শিখে নিজেদের শুধরে নেওয়ার পথ বেছে নিয়েছি। কারণ স্বাধীন সাংবাদিকতা কখনোই নির্ভুল হওয়ার দাবি করে না; বরং দায়বদ্ধ থাকার সাহস রাখে।
ডিজিটাল বাংলাদেশে গণমাধ্যমের ভবিষ্যৎ শুধু প্রযুক্তিনির্ভর নয়—নৈতিকতা নির্ভর। ঢাকা পোস্ট ভাইরাল খবরের পেছনে না ছুটে বরং নৈতিকতা নির্ভর খবর প্রকাশ করে যা এখনো মানুষের বিবেকের ওপরই নির্ভরশীল।
ঢাকা পোস্ট সেই বিবেকের দায় নিতে চায়।
মো. কামরুল ইসলাম : ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট