কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা অত্যন্ত শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি, কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং (জালিয়াতি) করার এক ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, যখন তারা দেখল যে কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছেন এবং আমাদের ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, তখনই তাদের হারানোর উদ্দেশ্যে ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হচ্ছে। এর স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে।
তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনে আমরা দেখতে পেলাম যে, ৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। মিডিয়ার মাধ্যমে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল পরিবর্তনের যে আশঙ্কার কথা আমরা গত কয়েকদিন ধরে বলে আসছিলাম, এখানে সেটিই প্রতিফলিত হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলব—এই অভিযোগগুলো গুরুত্বের সাথে আমলে নিতে হবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনগুলোর চূড়ান্ত ফলাফল যেন ঘোষণা করা না হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনগুলোতেই সুনির্দিষ্টভাবে ভোট গণনায় কারচুপির চেষ্টা চলছে। তিনি বলেন, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার লক্ষ্যেই এ ধরনের কাজ করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, আমরা লক্ষ্য করেছি যে জামায়াতের আমিরের আসন, আমাদের (নাগরিক পার্টি) আসন এবং খেলাফত মজলিসের আমিরের আসনে বিশেষভাবে এই অপচেষ্টা চালানো হচ্ছে। মিরপুর অর্থাৎ ঢাকা-১৬ আসনেও আমরা একই চিত্র দেখেছি।
এমএসআই/এমএন