নবনির্বাচিত দুই এমপিকে নিয়ে চসিক মেয়রের দোয়া মাহফিল

চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে দোয়া ও শোকরানা মাহফিল আয়োজন করেছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ (শুক্রবার) বাদ জুমা জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-৭ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, এই বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং দেশের আপামর জনগণের। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের যে রায় জনগণ ব্যালটের মাধ্যমে দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, বিজয় অর্জনের মধ্য দিয়ে দায়িত্ব ও দায়বদ্ধতা বহুগুণ বেড়ে গেছে এবং চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁদের প্রথম অগ্রাধিকার।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে কোনো বিজয় মিছিল বা সমাবেশ না করে কেবল দোয়া ও শুকরানা আদায়ের মাধ্যমে বিজয় উদযাপন করা হচ্ছে।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের স্থিতিশীলতা কামনা করা হয়। পাশাপাশি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য মাগফেরাত কামনা করা হয়। গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নেতাকর্মী ও সাধারণ মানুষের আত্মার মাগফেরাতও কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন।
এমআর/এনএফ