বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান

দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও মানুষের চরম ভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।
বিরোধীদলীয় নেতা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল সংগ্রহের জন্য মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ দেখা যাচ্ছে– কিলোমিটারের পর কিলোমিটার লাইন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা; তা অত্যন্ত হৃদয়বিদারক। রোজা রেখে অনেক মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারও কারও গাড়ির তেল একেবারে ফুরিয়ে গেছে।
এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন, ‘এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। সামনেই ঈদের যাত্রা শুরু হবে– এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও বেশি কঠিন হয়ে পড়বে।’
জামায়াত আমির আরও বলেন, ‘আমরা এর আগেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই সরকারের প্রতি আবারও অনুরোধ থাকবে– দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।’
সংকটকালীন এই সময়ে দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এই সময়ে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।’
জেইউ/বিআরইউ