দেশের সব বাস টার্মিনালে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করবে

দেশের সব বাস টার্মিনালে মলমপার্টি ও ছিনতাই প্রতিরোধ, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম কাজ করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজমুক্ত করার লক্ষ্য শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় পরিবহন শ্রমিক নেতা, বাস মালিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিমুল বিশ্বাস বলেন, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময় যাত্রীদের ভিড় বাড়ার সুযোগে কিছু অসাধু চক্র মলমপার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। এসব অপরাধ দমনে টার্মিনালগুলোতে সার্বক্ষণিক ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে।
তিনি বলেন, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবহন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনেক সময় নারী যাত্রীরা হয়রানির শিকার হন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই প্রতিটি টার্মিনালে নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ভাড়ার বাইরে কেউ যাতে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পরিবহন শ্রমিক, মালিক ও প্রশাসনের মধ্যে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাই দায়িত্বশীল হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারবেন।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালভিত্তিক নজরদারি জোরদার করা হবে এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এএএম/এমএসএ