পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পর্তুগালের রাজধানী লিসবনে স্ট্রোক করে মো. রফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে লিসবনের বাঙালি অধ্যুষিত মাতৃ মনিজ এলাকার সেন্ট্রো কমার্সিয়াল মুরারিয়া মার্কেটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মো. রফিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশে থাকা বাংলাদেশি ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে পর্তুগালে বসবাস করছিলেন। তিনি লিসবনের মাতৃ মনিজ এলাকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে পরিচিত একজন ব্যক্তি ছিলেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
কমিউনিটির সদস্যরা জানান, প্রবাস জীবনের নানা কষ্ট ও কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছিলেন হাসিখুশি ও বন্ধুবৎসল একজন মানুষ। তার অকাল মৃত্যু পরিবার, স্বজন ও পরিচিতদের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
মৃত্যুর খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে বলেন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ লিসবনের সেন্টো সোড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।