জার্মানিতে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দেশটির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠ এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বিজ্ঞাপন
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। সেন্ট্রাল ট্রেন স্টেশন সংলগ্ন মুন্সেনার স্ট্রাসে ঈদের জামাতের খুতবায় মাওলানা আবু বকর সিদ্দিক রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মগঠনের ওপর গুরুত্বারোপ করেন।
রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেছেন জার্মানিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জুলকার নাইন। নামাজের আগে ঈদুল ফিতরের তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি।
বিজ্ঞাপন
মাইঞ্জ শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা ‘মসজিদ আত তাকওয়া’য় একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। ওফেনবাখ শহরে ‘আইনহাইট ডেজ ইসলাম’-এ ঈদের নামাজ আদায় করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এছাড়া ডার্মস্ট্যাড এবং মানহাইম শহরে প্রবাসীদের পরিচালিত মসজিদগুলোতেও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মিউনিখ, ডর্টমুন্ড ও হামবুর্গসহ জার্মানির বিভিন্ন প্রধান শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদের জামাত আয়োজিত হয়েছে। প্রতিটি স্থানেই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএ