রমজানে দুই পবিত্র মসজিদের মুসল্লিদের সেবায় বিশেষ কার্যক্রম ঘোষণা

আসন্ন রমজানকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি আরবের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ইবাদতকারীদের ধর্মীয় ও আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ১০টি কৌশলগত স্তম্ভের ওপর ভিত্তি করে বিশেষ অপারেশনাল পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এতে রয়েছে শতাধিক উদ্যোগ ও বিভিন্ন শিক্ষা, দিকনির্দেশনা ও পরামর্শমূলক কর্মসূচি।
সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়, রমজান মাসে মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে আগত মুসল্লি ও জিয়ারতকারীদের জন্য সার্বিক সেবা নিশ্চিত করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনাটির লক্ষ্য হলো দুই পবিত্র মসজিদের শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমকে আরও জোরদার করা এবং রমজানের উপযোগী কর্মসূচির মাধ্যমে মুসল্লিদের আত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করা। এ জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন ভাষা ও অনুবাদ সেবা সম্প্রসারণ করা হয়েছে, যাতে ভিন্ন ভাষা ও সংস্কৃতির মুসল্লিরাও সহজে উপকৃত হতে পারেন।
এই কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছে নিয়মিত ধর্মীয় পাঠ, কোরআন মুখস্থকরণ কর্মসূচি, দিকনির্দেশনা ও পরামর্শ সেবা এবং ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্ধারিত বিশেষ চ্যানেল।
এ ছাড়া ধর্মীয় ও চিন্তাগত সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আওতায় মুসল্লিদের মাঝে পবিত্র কোরআন, শিক্ষামূলক পুস্তিকা ও সচেতনতামূলক বার্তা বিতরণ করা হবে, যা তাদের ধর্মীয় জ্ঞান ও আত্মিক বিকাশে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ধর্মবিষয়ক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মানবসম্পদ, পরিচালনা ব্যবস্থা ও প্রযুক্তিগত অবকাঠামো পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। এর মাধ্যমে রমজানে আগত হাজি ও মুসল্লিরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ইবাদত ও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
সূত্র : আরব নিউজ
এনটি