ওদেরকে খেলাব না— কোন সিনিয়রদের বাদ দেওয়ার কথা বললেন পাকিস্তান অধিনায়ক

বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে কঠিন পরীক্ষাই না দেওয়ার ঘোষণা পাকিস্তানের। ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি নিজেদের তিন নম্বর ম্যাচ খেলবে না তারা। যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে তাই পুরো পয়েন্ট না পেলে পাকিস্তান বিপাকে পড়তে পারে। সেজন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, এ কারণে উপযুক্ত কম্বিনেশন তৈরি করতে চায় তারা। প্রয়োজনে বাবর আজম ও ফখর জামানের মতো তারকা খেলোয়াড়দেরও বাদ দেওয়ার কথা বললেন অধিনায়ক সালমান আগা।
নেদারল্যান্ডসের বিপক্ষে আগামীকাল (শনিবার) প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। আগের দিন সংবাদ সম্মেলনে সালমান সিনিয়রদের দিলেন হুঁশিয়ারি, ‘আমরা সেরা কম্বিনেশন নিয়ে খেলার চেষ্টা করব। তাদের মধ্যে কোনো সিনিয়র খেলোয়াড়— হতে পারে ফখর বা বাবর, তারা যদি ফিট না হয় তাহলে আমরা ওদেরকে খেলাব না। আমরা তাদেরকে খেলাব, যারা দলের জন্য সেরা।’
অবশ্য সালমান পরক্ষণেই জানিয়ে দিলেন, বাবর ও ফখরের নাম তিনি উদাহরণ হিসেবে নিয়েছেন, ‘আমি মনে করি ফখর গত ১০ বছর ধরে পাকিস্তানের হয়ে অনেক পারফর্ম করেছে। একইভাবে বাবরও অনেক পারফরম্যান্স করেছে। তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। কিন্তু আমরা দলের জন্য সেরা একাদশকে নামাব।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে সালমানকে। স্পিনারদের বিরুদ্ধে এই পজিশনে থেকে দ্রুত রান তোলা যায় মনে করেন তিনি, ‘হ্যাঁ, আমি তিন নম্বরে ব্যাটিং করে যাব। আমরা অনেক স্পিনের মোকাবিলার প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি পাওয়ার প্লেতে আমি স্পিনের ওপর দাপট দেখাতে পারব। এজন্যই আমি উপরে খেলছি এবং সেখানেই থাকব।’
এফএইচএম/