সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কাছে কি ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কমছে?

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। পরে আইসিসি ও বিসিবির সঙ্গে তাদের বৈঠকের পর সেই সিদ্ধান্ত পাল্টে যায়। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। যে ম্যাচ নিয়ে এত আলোচনা, সেই লড়াইয়ের নাকি গুরুত্ব কমছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কাছে!
ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার খবরে আইসিসির সম্ভাব্য প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার লোকসান এড়াতে যাচ্ছে বলে জানা গেছে। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি টুর্নামেন্টের মোট আইসিসি আয়ের ২০ শতাংশেরও বেশি, এরমধ্যে রয়েছে সম্প্রচার স্বত্ব ও গেট রিসিপ্ট থেকে প্রাপ্ত আয়। তবে নিও স্পোর্টসের সাবেক মালিক এবং একাধিক আইসিসি বিডিং প্রক্রিয়ার অভিজ্ঞতা থাকা হারিশ থাওয়ানি এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তার মতে, কোনো সম্প্রচার প্রতিষ্ঠানের পুরো বিনিয়োগ মূল্যায়ন কেবল একটি ম্যাচের ওপর নির্ভর করে না।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া বক্তব্যে থাওয়ানি বলেন, ‘বর্তমানে সম্প্রচারক প্রতিষ্ঠানের আয়ের অর্ধেকই আসে সাবস্ক্রিপশন থেকে। আগে বিজ্ঞাপন থেকে যেখানে ৯০ শতাংশ আয় হতো, এখন সেই চিত্র বদলেছে। শুধু ভারত-পাকিস্তান ম্যাচ না হলে কেউ হটস্টার থেকে সাবস্ক্রিপশন বাতিল করবে– এমনটা নয়। একটি ম্যাচের চেয়ে টুর্নামেন্টে ভারতের সামগ্রিক অগ্রগতিই সম্প্রচারকারীদের বিনিয়োগ ফেরত (আরওআই) পাওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।
নিও স্পোর্টসের সাবেক এই মালিক আরও বলেন, ‘কিছু বিজ্ঞাপনদাতা শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বিজ্ঞাপনের সময় কিনতে চান এবং সেজন্য বাড়তি মূল্য দিতেও প্রস্তুত থাকেন। তবে সাধারণত বিজ্ঞাপনের স্লট ধাপে ধাপে বুক করা হয়, যেমন– ভারতের লিগ পর্ব, সুপার এইট এবং নকআউট ম্যাচগুলোকে ঘিরে।’ আইসিসির আয়ের বড় একটি অংশ–ই আসে ভারত থেকে। ফলে টুর্নামেন্টে তাদের ম্যাচ হার-জিতের ওপরও সম্প্রচারকদের আগ্রহ থাকে। অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও ফেভারিট হিসেবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে।
এখন পর্যন্ত চলমান এই মেগা টুর্নামেন্টে পাকিস্তানের নিজেদের দুই ম্যাচে জিতেছে। ভারতও জিতেছে তাদের একটিতে, আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের দল খেলবে নামিবিয়ার বিপক্ষে। এ ছাড়া আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ উজ্জ্বল। এখন পর্যন্ত ২১ ম্যাচের মধ্যে ভারত ১৭টিতে জিতেছে, পাকিস্তান জিতেছে ৪টিতে। এর মধ্যে বিশ্বকাপে ভারতের রেকর্ড ব্যবধান ১৪-১। যা নিয়ে সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানকে খোঁচা দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক।
এএইচএস