ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহাউত্তেজনা। দুই দল নামার আগেই মাঠের বাইরে শুরু হয়ে যায় যুদ্ধ। দুই দেশের রাজনৈতিক বৈরিতা ১১ জন বনাম ১১ জনের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করে। শুধু দেশের লড়াইয়ে সীমাবদ্ধ নয়, দুই দলের ক্রিকেটাররা চেষ্টা করেন একে অপরকে ছাপিয়ে যাওয়ার। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে কয়েকটি ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর থাকবে ভক্ত-সমর্থকদের।
শাহিন বনাম অভিষেক
এই দ্বৈরথে অভিষেক এগিয়ে। এশিয়া কাপে তিন ম্যাচে শাহিনের মুখোমুখি হয়েছেন তিনি। পাকিস্তানি পেসারের বিরুদ্ধে ১৯ বল খেলে করেছেন ৩৬ রান। ১৮৯.৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। পাকিস্তানের প্রধান পেসারকে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন ভারতীয় ওপেনার। অভিষেক শাহিনের বিরুদ্ধে অপরাজিত ছিলেন। বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রাখতে চাইবেন তিনি। আর শাহিনের চাওয়া আগের তিন ম্যাচের হিসাব পাল্টে দেওয়ায়।
বুমরাহ বনাম ফারহান
এখন পর্যন্ত জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে দাপট ধরে রেখেছেন সাহিবজাদা ফারহান। এশিয়া কাপে তাদেরও দেখা হয়েছে তিন ম্যাচে। বুমরাহের ৩৪ বলে ফারহান করেছেন ৫১ রান। ১৫০ স্ট্রাইক রেটে রান করার পথে তিনি ছয়টি চার ও তিনটি ছক্কা মেরেছেন। ফারহানকে একবারও আউট করতে পারেননি বুমরাহ। বিশ্বকাপেও কি সেই দাপট ধরে রাখতে পারবেন ফারহান?
বাবর বনাম বরুণ
বাবর আজম আগের ম্যাচে নিজেকে ফিরে পেয়েছেন। ভারতের বিপক্ষে মিডল অর্ডারে তিনি পাকিস্তানের বড় ভরসা। এই সময়ে সামনে বরুণ চক্রবর্তীকে হয়তো পাবেন তিনি। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিশ্বের সেরা বোলার বরুণ রহস্যময় বোলিং করে ব্যাটারদের সমস্যায় ফেলেন। এর আগে টি-টোয়েন্টিতে বরুণের ১৩ বলে ১৭ রান করেছেন বাবর। মেরেছেন একটি চার ও একটি ছক্কা। একবারও আউট হননি। অবশ্য স্ট্রাইক রেট খুব বেশি (১৩০.৮) নয়। রোববার কে বাজিমাত করেন সে দিকেই চেয়ে থাকবেন দুই দলের সমর্থকরা।
সূর্যকুমার বনাম তারিক
সূর্যকুমার যাদব যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দলের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। মাঠের চার দিকে সহজে শট খেলতে পারার ক্ষমতা তাকে অন্য পর্যায়ে রেখেছে। এবারের বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস উসমান তারিক সূর্যকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন। প্রথমবার ভারতের ব্যাটাররা খেলবেন তার বিরুদ্ধে। বোলিং অ্যাকশন অদ্ভুত হওয়ার কারণে ভারতীয়রা প্রশ্ন তুললেও আইসিসি তাকে ছাড়পত্র দিয়ে রেখেছে। আর ভারতের বিপক্ষে নামার আগেই হুঁশিয়ারি দিয়েছেন তারিক। সূর্যকে থামাতে তার ওপর ভরসা রাখবেন সালমান আলি আগা। এই লড়াইয়ের দিকেও সকলের নজর থাকবে।
হার্দিক বনাম ফাহিম
হার্দিক ও ফাহিম আশরাফ দলের দুই সেরা অলরাউন্ডার। দুজনেই ব্যাট ও বল হাতে বড় ভূমিকা রাখেন। হার্দিকের ৫ বলে এখন পর্যন্ত ১২ রান করেছেন ফাহিম। আর ফাহিমের ২ বলে ২ রান করেছেন হার্দিক। ব্যাট হাতে দুজনেই ফিনিশারের ভূমিকা রাখার পাশাপাশি পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করেন। দুজনের মধ্যে বেশ মিল, তাই রোববারের ম্যাচে এই দুজনের লড়াইয়ে আগ্রহ থাকবে অনেকের।
এফএইচএম/