পাকিস্তানের বিপক্ষে ভারতকে ফেবারিট মনে করেন না রোহিত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহা উত্তেজনা। আগামী রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ের সূর্যকুমার যাদবদের সতর্ক করে দিলেন রোহিত শর্মা।
ভারতীয় দলকে ফেবারিট বলে মানতে নারাজ রোহিত। সালমান আলি আঘার দলকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক। রোহিতের কাছে ভারত-পাক ম্যাচে পরিসংখ্যানের গুরুত্ব নেই।
সর্বশেষ আসরে রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ভারতের হয়ে অন্য ফরম্যাটে খেললেও এখন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাবেক। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে ভারত-পাক ম্যাচ নিয়ে খোলামেলা কথা বলেছেন রোহিত।

তিনি বলেন, ‘প্রথমত বলি, ফেবারিট এই শব্দটায় আমার বিশ্বাস নেই। ফেবারিট বলে কিছু হয় না। এই ম্যাচটার আকর্ষণই আলাদা। দারুণ মজার। গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাক ম্যাচে অনেক কিছু ঘটেছে। সব দলই এখন প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। মাঠে নামব আর জিতে ২ পয়েন্ট পাব, এ রকম ভেবে খেলা যায় না। ২ পয়েন্ট পেতে হলে নির্দিষ্ট দিনে আপনাকে ভালো ক্রিকেট খেলতেই হবে। না হলে খালি হাতেও ফিরতে হতে পারে।’
রোহিতের মতে, যারা ভালো খেলবে তারা জিতবে। এই ম্যাচে কোনও দল এগিয়ে থেকে মাঠে নামে না। এ রকম ভেবে খেলাও যায় না। পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। ভারতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেছেন, ‘আপনি অতীতে কী করেছেন সেটা আদৌ গুরুত্বপূর্ণ নয়। দল এখন কেমন খেলছে, ক্রিকেটারেরা ফর্মে আছে না নেই, এ সবের ওপর নির্ভর করে ফলাফল। এখন যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। তাই ভালো খেলতেই হবে। এটাই আসল। নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর সব কিছু নির্ভর করে।’
দেশকে ২০২৪ সালে বিশ্বকাপ দেওয়ার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। এবার তাকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর করেছে।
এফআই