মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই শুরু হয় মূল সমস্যা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিরাপত্তার কথা জানিয়ে সরে যায় বাংলাদেশ। পরবর্তীতে বিসিসিআই ও বিসিবির মধ্যে চলা অস্থিরতা কূটনৈতিক টানাপোড়ন কাটাতে এবার বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস একটি প্রতিবেদনে এমনটিই নিশ্চিত করেছে। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই চিঠি পাঠানো হয়েছে গত মাসেই।
ঢাকা পোস্টকে বিসিবির একজন পরিচালক বলেন, ‘গেল মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দিনে পাঠানো হয়েছিল চিঠি।’ তবে জানা গেল বিসিবির সিইও দিয়েছেন এই চিঠি।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে বিসিবি। বিসিসিআইকে পাঠানো চিঠিতে তারা মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। গত সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা ছিল (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি), যা বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। বিসিবি এখন সেই সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে।
বিজ্ঞাপন
আবার আগামী বছর ভারতের সম্ভাব্য সফর নিয়ে পুনরায় আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ। এছাড়া আগামী বছর এশিয়া কাপ আয়োজনের স্বত্ব বাংলাদেশের কাছে থাকায়, ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ।
এসএইচ/এমএমএম
