পাকিস্তানি সাবেক ক্রিকেটারের ওপর ক্ষোভ ঝাড়লেন হরভজন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে কাঁদা ছোড়াছুড়ি থামছেই না। দুদলের সাবেক ক্রিকেটাররা যেন নেমে পড়েছেন বাকযুদ্ধে। হরভজন সিং পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে পড়ে থাকেন বলে মন্তব্য করেছিলেন সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ। সেই মন্তব্যে পরিপ্রেক্ষিতে এবার তার ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন হরভজন।
সংঘাতের সূত্রপাত সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে কাজ করার সময়। ব্রডকাস্টার হিসেবে দায়িত্ব পালনকালে হরভজন পাকিস্তানি স্পিনার উসমান তারিকের সাক্ষাৎকার নেন। ওই ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন তারিক। এই সাক্ষাৎকারকে কেন্দ্র করেই তানভীর অভিযোগ তোলেন, হরভজন নাকি সবসময় পাকিস্তানি ক্রিকেটারদের ঘিরেই থাকেন।
এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে হরভজন বলেন, ব্রডকাস্টার হিসেবে ম্যাচসেরা খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়াই তার দায়িত্ব। কারও জাতীয়তা এখানে বিবেচ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, সাক্ষাৎকার না নিলেও আবার পক্ষপাতের অভিযোগ উঠত।
হরভজন আরও বলেন, তানভীর খুব অল্প ম্যাচ খেলেই নিজেকে ইমরান খান, ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনুসের কাতারে ভাবছেন। তার মতে, যারা বড় অর্জন করতে পারেননি, তারাই এ ধরনের ‘সস্তা নাটক’ করেন। সাবেক ভারতীয় স্পিনার তানভীরকে দায়িত্বশীল ভাষা ব্যবহারের আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকতে সতর্ক করেন।
প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপপর্বের ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুদলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। যে দল এই ম্যাচ জিতবে, তারাই সুপার এইটের টিকিট নিশ্চিত করবে।
এমএমএম/