অভিষেক, তারিক ও পাকিস্তানকে নিয়ে যা বললেন ভারতের অধিনায়ক

পাকিস্তান সরকারের নির্দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত উত্তেজনার পারদে চড়ে মাঠে গড়াচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। সংবাদ সম্মেলনে এসে ভারত অধিনায়ক নানা ইস্যু নিয়ে কথা বললেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি অভিষেক শর্মাকে নিয়ে অনিশ্চয়তা দূর করে দিলেন। পাকিস্তানের রহস্য-স্পিনার উসমান তারিককে কীভাবে মোকাবিলা করবে তার দল, সেটাও জানালেন।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাক মারার পর অসুস্থতার কারণে অভিষেক খেলেননি নামিবিয়ার বিপক্ষে। তার ব্যাপারে সংবাদ সম্মেলনে হালকা রসিকতা করে তিনি আভাস দিয়েছেন, তার দলের ওপেনার সম্ভবত খেলার জন্য ফিট। ভারতীয় অধিনায়ক পাকিস্তানের প্রতিপক্ষ সালমান আগার আগের মন্তব্যের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি অভিষেকের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

সূর্যকুমার বলেন, ‘সালমান যদি চান যে আমরা আগামীকাল অভিষেককে খেলাই, তবে আমরা তাকে খেলাব।’ পাকিস্তানের স্পিনার তারিকের বিরুদ্ধে ভারত অপ্রস্তুত হয়ে মাঠে নামার ঝুঁকি নেবে না বললেন তিনি, ‘এমনকি যদি কোনো প্রশ্ন সিলেবাসের বাইরে থেকেও আসে, তবুও আপনি তা ছেড়ে আসতে পারেন না। সে ভিন্ন ঘরানার বোলার কিন্তু আমরা তার কাছে নতিস্বীকার করতে পারি না। আমরা সবাই খুব উত্তেজিত।’
কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য কম্বিনেশন নিয়ে সূর্যকুমার ইঙ্গিত দিয়েছেন বামহাতি স্পিনার কুলদীপ যাদবের খেলার ব্যাপারে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনারা কি চান ও খেলুক? ঠিক আছে, তবে ও খেলবে।’
সূর্যকুমার জানিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা নিজেদের ওপর মনোযোগ দিচ্ছেন, প্রতিপক্ষের ওপর নয়, ‘আমরা কীভাবে খেলছি তা আমাদের দেখতে হবে। আমরা সেটি বজায় রাখতে চাই। আমরা আমাদের শক্তির ওপর মনোযোগ দেব। প্রতিপক্ষ কেমন পারফর্ম করছে তার ওপর নয়। যারা ভালো ক্রিকেট খেলবে তারাই ম্যাচ জিতবে। এটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিং এখন পর্যন্ত ধুঁকছে। দুটি জয় সত্ত্বেও ভারতের মিডল অর্ডার আমেরিকা ও নামিবিয়া— উভয় দলের বিপক্ষেই সমস্যায় পড়েছে। সূর্যকুমার এই বিষয়ে কোনো রাখঢাক করেননি, ‘আমাদের শুরুটা নড়বড়ে ছিল, আমরা এই সত্য বিষয় থেকে পালিয়ে যেতে পারি না। কোনো অজুহাত নেই। সবাই প্রচুর ক্রিকেট খেলেছে, ট্রিকি উইকেটে ব্যাটারদের নিজস্ব পরিকল্পনা থাকা উচিত। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু একটু হোঁচট খেয়েছি, তবে পরে সেটা ভালোভাবে সামলে নিয়েছি। এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য।’
ভারত-পাকিস্তান ম্যাচের চাপ নিয়ে তিনি বললেন, ‘চাপ সবসময়ই থাকে। ভারত-পাকিস্তানের ক্ষেত্রে এটি একটি বড় উপলক্ষ। আমরা যতই বলি না কেন ‘এটি অন্য যেকোনো সাধারণ ম্যাচের মতো’, কিন্তু এটি অন্য সাধারণ ম্যাচ নয় বলে চাপে থাকাটা মানুষের সহজাত প্রবৃত্তি। আমরা তাদের সঙ্গে ঘনঘন খেলিও না। তাই চাপ সব সময়ই থাকে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেটের সম্ভাবনা নিয়ে করা একটি প্রশ্নে সূর্যকুমার বলেন, ‘এটি আমাদের হাতে নেই। যখন আমি এমন অবস্থানে থাকব যেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া যায়, তখন আমি আপনাদের জানাব।’
এফএইচএম/