‘নো হ্যান্ডশেক’ ইস্যুতেও কি ‘ইউটার্ন’ নেবে ভারত-পাকিস্তান?

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সপ্তাহ দুয়েক নানা নাটকীয়তা দেখা দেয়। যদিও ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত বিসিবি-আইসিসিসহ সব পক্ষের আলোচনায় পাকিস্তান তাদের বয়কটের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ নেয়। আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগেও আলোচনায় রয়েছে ‘নো-হ্যান্ডশেক’ ইস্যু!
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে রাজি হওয়ার নেপথ্যে আইসিসিকে পাকিস্তান কিছু শর্ত দিয়েছে বলেও জানায় গণমাধ্যম। ভারতের হিন্দুস্থান টাইমস টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে জানিয়েছিল, ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পিসিবি আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে। প্রথমত, আইসিসি থেকে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি। দ্বিতীয়ত, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ চালু। সর্বশেষ বিষয়টি আচরণসংক্রান্ত। সৌজন্যমূলক হাত না মেলানোর মতো আচরণের পরিবর্তন চায় পাকিস্তান।
আগে থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের ক্রিকেটেও রাজনৈতিক বৈরিতা ছিল। যা গত বছরের এপ্রিলে উভয়পক্ষ সামরিক সংঘাতে জড়ানোর পর আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায়। ফলে ২০২৫ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই ভারত-পাকিস্তানের অধিনায়করা হাত মেলাননি। টসের সময় কিংবা ম্যাচ শেষেও। একইভাবে নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং রাইজিং স্টারস এশিয়া কাপেও ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘নো হ্যান্ডশেক’ রীতি থেকে সরে আসেনি। আজকের ম্যাচেও বিষয়টি নিয়ে কৌতুহলী ক্রিকেটভক্তরা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল (শনিবার) উভয় অধিনায়কের কাছেই হাত মেলানো নিয়ে জানতে চাওয়া হয়। টসের সময় ও ম্যাচের পরে পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর ইচ্ছা ভারতের আছে কি না? এমন প্রশ্নে দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘টসের সময় আমরা হাত মেলানো নিয়ে ভাবব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা ভালো ক্রিকেট খেলব, তারপর এটা নিয়ে সিদ্ধান্ত নেব। ভালোভাবে ঘুমান এবং ভালো কিছু খান, ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাংবাদিক প্রশ্ন করেন– ভারত যদি হ্যান্ডশেক করতে প্রস্তুত থাকে, তাহলে কি সাড়া দেবেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা? জবাবে তিনি বলেন, ‘আমরা কাল জানতে পারব। আমি আশা করব, শুরু থেকে যে চেতনা নিয়ে সবসময় খেলা হয়েছে, সেই একই চেতনা নিয়ে এবারও খেলা হবে।’
এএইচএস