ভারত-পাকিস্তান ম্যাচের আগে অদ্ভুত কামনা সাবেক পাক ক্রিকেটারের

একজন ক্রিকেটপ্রেমী মাত্রই ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে চান সবাই। কিন্তু এদিক থেকে যেন নিজেকে আলাদা করে ফেললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হোক, এমনটাই চান তিনি। সম্প্রতি পাকিস্তানি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় এমন মন্তব্যই করেছেন বাসিত আলী।
আজ রোববার গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে এ স্পোর্টসে কথা বলতে গিয়ে বাসিত আলী বলেন, “আমার দোয়া, আল্লাহ যেন বৃষ্টি দেন। আমি বৃষ্টি চাই।’’
ভারত ও পাকিস্তান—দুই দলই এখন পর্যন্ত দুটি করে ম্যাচ জিতেছে। তবে ভালো নেট রানরেটের কারণে গ্রুপ ‘এ’-তে শীর্ষে রয়েছে ভারত। এই ম্যাচে বৃষ্টি হলে ওভার কমে আসতে পারে। নিয়ম অনুযায়ী, ফল পেতে হলে অন্তত পাঁচ ওভার করে খেলা প্রয়োজন।

যদি পাঁচ ওভারের ম্যাচও সম্ভব না হয়, তাহলে ম্যাচ পরিত্যক্ত হবে। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান—দুই দলই এক পয়েন্ট করে পাবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই।
আবহাওয়ার পূর্বাভাস অবশ্য কিছুটা মিশ্র। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তা কমে ১০ শতাংশের নিচে নেমে আসতে পারে। তবে প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের দক্ষতা নিয়ে আলাদা সুনাম রয়েছে। অল্প সময়ের মধ্যেই মাঠ খেলার উপযোগী করে তোলার সক্ষমতা তাদের আছে।
এমএমএম/