নড়বড়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার সেরা সময় ওমানের

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। পাঁচ বছর আগে শিরোপা জেতা দলটির বাকি সময়টুকু গেছে বিব্রতকর দুই পরাজয়ে। জিম্বাবুয়ের কাছে হারার পর শ্রীলঙ্কার সামনেও দাঁড়াতে পারেনি অজিরা। বৃষ্টির কারণে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ থেকে পয়েন্ট ভাগাভাগি করায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শেষ হয়েছে অকালে। নড়বড়ে এই দলকে এবার শেষ ধাক্কা দিতে চায় ওমান।
আজ (শুক্রবার) পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ওমান। ম্যাচটির কোনো মূল্য নেই। কিন্তু যতীন্দর সিংয়ের দল শেষটা করতে চায় স্মরণীয়ভাবে। ম্যাচের আগে ওমানের অধিনায়ক বলেছেন, ওমানের জন্য এটি দারুণ সুযোগ। অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়ার সেরা সময় এটি।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ২০ নম্বরে থাকা একটি দলের কাছ থেকে এমন দাবিকে অতি বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফর্ম একেবারে নিচের দিকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য এর চেয়ে ভালো সময় আর আছে কি না— এমন প্রশ্নের জবাবে যতীন্দর জোর দিয়ে বলেন যে, তার দল এই ম্যাচে নামার আগে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে।
ম্যাচের আগে তিনি বলেন, ‘শতভাগ এটি একটি সুযোগ।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের ছেলেরা এর অপেক্ষায় রয়েছে। কারণ টি-টোয়েন্টি হলো মোমেন্টাম ও মুহূর্তের খেলা। আপনি যদি সেই মুহূর্তগুলোতে সঠিকভাবে খেলতে পারেন, তবে ওই নির্দিষ্ট দিনে আপনি যেকোনো কিছু করতে পারেন। সুতরাং, অস্ট্রেলিয়া এই মুহূর্তে খুব একটা ভালো করছে না... তাদের গুঁড়িয়ে দেওয়ার এটাই সেরা সময়।’
এর বাইরে, যতীন্দর পরামর্শ দিয়েছেন যে পূর্ণ সদস্য দেশগুলোর বিরুদ্ধে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ— এমনকি প্রস্তুতি ম্যাচ হলেও— তাদের জন্য উপকারী হবে। একইসাথে তিনি তাদের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থার সীমাবদ্ধতা বা সমস্যাগুলোর দিকেও আঙুল তুলে বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, আমাদের অনেক ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয় যেগুলোর মান সন্তোষজনক নয়। এবং আমরা যে পিচগুলোতে খেলি, সেগুলোও আসলে সন্তোষজনক নয়।’
অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচ সান্ত্বনার জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার সুযোগ। কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড এই দলকে বিধ্বস্ত বললেও পরিষ্কার জানিয়ে দিলেন, ওমান ম্যাচের আগে উজ্জীবিত অজিরা। তিনি বলেন, ‘এই দল একসঙ্গে একটি পথচলা শেষ করার সুযোগ পেয়েছে, যেটা তারা শুরু করেছিল লম্বা সময় আগে এবং এখন পর্যন্ত ৯-১০ ম্যাচ খেলেছি। এর মধ্যে কিছু অসাধারণ পারফরম্যান্সও ছিল। তাই কাজটা শেষ করার অনুপ্রেরণা পাচ্ছি, যদিও আমরা যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানে থাকতে পারিনি। আরেকটি ম্যাচ আছে বিশ্বকাপে এবং আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি।’
এফএইচএম/