অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে যা বললেন ভারতীয় ব্যাটার

সিরিজের প্রথম ম্যাচ জিতে শুরুতেই লিড নিয়েছিল ভারত নারী দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া নারী দল। তাতে সিরিজেও সমতা ফেরে। তাই আজকের ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাগতিকদের ১৭ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত।
অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন স্মৃতি মান্দানা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
এই সিরিজ শুরুর আগে স্পষ্টতই ফেভারিট ছিল অস্ট্রেলিয়া। তবে ডব্লিউপিএলের পরপর শুরু হওয়া সিরিজে চমক দেখাল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ জয়কে বড় পাওয়া হিসেবেই দেখছেন স্মৃতি।
ভারতীয় এই ওপেনার বলেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো দারুণ ব্যাপার। পুরো দলের জন্য খুশির। নিজেও অবদান রাখতে পেরেছি।'
'জেমি নামার পর সিঙ্গেল রান নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছি। আমার মনে আছে, ২০১৬-তেও তাদের হারিয়েছিলাম। আবার অনেক দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেললাম। তাই সিরিজ জিততে পেরে খুব ভালো লাগছে।'
এইচজেএস