মিলার-ব্রেভিস জুটিতে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং পুঁজি

মাত্র ২০ রানে তিন উইকেট হারালেও ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিসের দুর্দান্ত জুটি এবং ট্রিস্টান স্টাবসের ক্যামিওতে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেল দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে প্রোটিয়ারা তুলেছে ১৮৭ রান। জিততে হলে ১৮৮ রান করতে হবে সূর্যকুমার যাদবদের।
আহমেদাবাদে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। জাস্প্রিত বুমরাহর করা ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার কুইন্টন ডি কক। পরের দুই ওভারে আউট হন এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটন। আউট হওয়ার আগে ডি কক ৬, মারক্রাম ৪ ও রিকেলটন ৭ রান করেন।
মাত্র ২০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ক্রমেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। মাত্র ৫০ বলে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা।
মাত্র ২৯ বলে তিনটি করে চার ও ছয়ের মাধ্যমে ৪৫ রান করে আউট হন ব্রেভিস। এদিকে ফিফটি তুলে নেন মিলার। তার ইনিংস থামে ৬৩ রানে। ৩৫ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো।
এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয় দক্ষিণ আফ্রিকার। শেষদিকে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন ট্রিস্টান স্টাবস। মাত্র ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মার্কো ইয়ানসেন ২, কোরবিন বোচ ৫ ও ক্যাগিসো রাবাদা শূন্য রান করেন।
ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রিত বুমরাহ। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন আর্শদিপ সিং। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন বরুণ চক্রবর্তী ও শিবাম দুবে।
এমএমএম/