ক্যান্ডিতে পাকিস্তানের ‘কঠিন পরীক্ষা’

ইংল্যান্ডের বিপক্ষে আজ (মঙ্গলবার) টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সালমান আগার দল আদর্শ শুরু না পায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগে একটি পরাজয় তাদেরকে বিদায়ের ঘণ্টা শুনিয়ে দিতে পারে।
সুপার এইটের দুই নম্বর গ্রুপের খেলায় আজ ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সরাসরি দেখাবে বাংলাদেশের টিভি চ্যানেল নাগরিক টিভি ও টি স্পোর্টস।
সুপার এইটে ওঠার পথে ইংল্যান্ডের কিছু মুহূর্ত কেটেছিল বেশ চাপে। ইতালি ও নেপালের কঠিন চ্যালেঞ্জে অল্পের জন্য হার থেকে বেঁচে যায় তারা। তবে সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের দাপুটে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইংলিশরা। আজ পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে তাদের সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ।
এই ম্যাচের আগে ইতিহাস কিন্তু পাকিস্তানের অনুকূলে নেই। বিশ্বকাপে তিনবারের দেখায় প্রত্যেকবার ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। কিন্তু ইংল্যান্ডের দুর্বলতা কাজে লাগিয়ে পাকিস্তান সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তাদের ওপেনার সাহিবজাদা ফারহান বলেছেন, অতীত রেকর্ডের দিকে মনোযোগ নেই পাকিস্তানের। তারা ইংল্যান্ডকে কঠিন সময় দিতে চায়। তিনি বলেন, ‘ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা প্রথম ম্যাচে জয় না পেলেও ক্যাম্পে মনোবল অনেক উঁচুতে। টি-টোয়েন্টি ক্রিকেট এমন এক ফরম্যাট যা নিয়ে আগে থেকে কিছু অনুমান করা যায় না। আমরা বিশ্বাস করি তাদের সামনে কঠিন লড়াই করব।’
ইংল্যান্ড সুপার এইটে লঙ্কানদের হারালেও ব্যাটিংয়ের দুর্বলতা স্পষ্ট। মাত্র ১৪৬ রান করেছিল তারা। ফিল সল্ট (৬২) ছাড়া আর কোনো ব্যাটার বড় কোনো অবদান রাখতে পারেননি।
তাদের স্পিনাররা ও জোফরা আর্চারের শুরুর ব্রেকথ্রুতে ইংল্যান্ড ম্যাচটি জেতে। দলের মধ্যে যে এখনো উন্নতি করার জায়গা আছে, সেটা তাদের জানা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে লিয়াম ডউসন বলেছেন, সামনে এগিয়ে যেতে চাইলে আরও উন্নত ক্রিকেট খেলতে হবে।
এই ম্যাচেও স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিক। ৫.৮২ ইকোনমি রেটে ৮ উইকেট নিয়ে দলটির মূল স্পিন অস্ত্র এখন তিনি। ডউসন বলছেন, তারা কোনো একজন খেলোয়াড়ের দিকে মনোযোগ না দিয়ে পুরো পাকিস্তানকে নিয়ে ভাবছে।
পাকিস্তান চার ম্যাচ খেলে কেবল যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে জিতেছে। নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে তারা ধুঁকেছে। অন্যদিকে হ্যারি ব্রুকের দলও তাদের সেরা ফর্মে নেই। কিন্তু তারা জানে, একটি শক্তিশালী পারফরম্যান্স তাদেরকে আরেকধাপ এগিয়ে নেবে, হয়তো প্রথম দল হিসেবে সেমিফাইনালও চূড়ান্ত করে ফেলবে।
সম্ভাব্য একাদশ
ইংল্যান্ড: ফিলিপ সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডউসন, জোফরা আর্চার, আদিল রশিদ।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সালমান মির্জা, উসমান তারিক।
এফএইচএম/